নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ জি-২০ সম্মেলন
বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো গতিশীণ করা, জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণে রাখা এবং কর ফাঁকির প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে জি-টোয়েন্টি সম্মেলন।
যদিও ইউক্রেইন সঙ্কট নিয়ে রাশিয়া ও পশ্চিমা অন্য দেশগুলোর নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এর জের ধরে আগেভাগেই সম্মেলন ছেড়ে দেশে চলে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শনিবার ও রবিবার বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোটের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে প্রতিবেশী ইউক্রেইনের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ইন্ধন দেয়ার অভিযোগ আনেন। রাশিয়া এই ইন্ধন যোগানো বন্ধ না করলে ইউরোপ জুড়ে ‘ঠান্ডা লড়াই’ শুরু হওয়ার সম্ভাবনার বিষয়ে সকর্ত করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “আমার বিশ্বাস পুতিন দেখতে পাবেন যে তিনি পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। যদি তিনি ইউক্রেইনকে অস্থিতিশীল করার ইন্ধন যুগিয়ে যেতে থাকেন তবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।”
“নিষেধাজ্ঞা আরোপ করা হলে চড়া মূল্য দিতে হবে। কিন্তু যদি ইউরোপ জুড়ে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় তবে তার জন্য আরো অনেক বড় মূল্য দিতে হবে।”
যদিও জি-টোয়েন্টি সম্মেলন থেকে চলে যাওয়ার আগে পুতিন বলেছেন, ইউক্রেইন সঙ্কট থেকে বেরিয়ে আসা সম্ভব।
“আমার মতে আজকে যা পরিস্থিতি (ইউক্রেইনের) তাতে একটা সমাধানে আসার ভালো সম্ভাবনা রয়েছে। আর আমার এই কথাগুলো কতটা অদ্ভুত শোনালো সেটা নিয়ে আমি ভাবছি না।”
আগেভাগে সম্মেলন ত্যাগ করে দেশে ফেরার জন্য দুপুরের আনুষ্ঠানিক ভোজে যোগ দেননি পুতিন। অজুহাত হিসেবে তিনি বলেন, তাকে বিমানে অনেকটা পথ পাড়ি দিতে হবে এবং তার ঘুমের প্রয়োজন।
ওদিকে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ২ দশমিক ১ শতাংশ বাড়ানোর ব্যাপারে সম্মেলনে একমত হয়েছেন নেতারা। এজন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
বৈঠক শেষে এক প্রজ্ঞাপনে বলা হয়, “এর ফলে বিশ্ব অর্থনীতিতে আরো দুই ট্রিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে এবং কয়েক লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
বিশ্বব্যাপী কর ফাঁকির প্রবণতা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথাও প্রজ্ঞাপনে বলা হয়।
সম্মেলনের আয়োজনকারী দেশ অস্ট্রেলিয়া জলবায়ু নিয়ন্ত্রণের বিষয়টি উত্থাপন করে।
নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, “জালবায়ু পরিবর্তন নিয়ে আলোচনাই সবচেয়ে জটিল ছিল।”
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এজন্য আইন জারি ও নিয়ম-কানুন আরোপের বিষয়েও একমত হন নেতারা।
২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রয়োজনীয় আইন ও নিয়ম-কানুনের ব্যাপারে আলোচনা হবে।
সম্মেলনে ‘দ্য গ্রিন ক্লাইমেট’ তহবিলের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করেন ওবামা। রোববার জাপান ওই তহবিলে আরো দেড় বিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইবোলার বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার বিষয়েও একমত হয়েছেন নেতারা।
ইবোলা শুধু মানবিক সঙ্কট নয় বরং একে নিরাপত্তা হুমকি বলে উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন। তিনি বলেন, “ইবোলার হাতে থেকে মানুষকে বাঁচানোর সবচে ভালো উপায় হলো গোঁড়া থেকেই একে নিয়ন্ত্রণ করা।”
