২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি-চীন চুক্তিতে তদবির ব্লেয়ারের!

চীনের সঙ্গে সৌদি আরবের তেল চুক্তি করে দিতে তদবির করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এজন্য সৌদি আরবের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 10:39 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

‘দ্য টেলিগ্রাফ’ জানায়, সৌদি মালিকানাধীন তেল কোম্পানি ‘পেট্রোসৌদি’ কে ব্যবসায় এ সহায়তা করতে ২০১০ সালের নভেম্বরে সৌদি আরবের সঙ্গে গোপন একটি চুক্তি করেন ব্লেয়ার।

চীনের সঙ্গে তেল চুক্তি করে দেয়ার বিনিময়ে সৌদি আরবের কাছ থেকে প্রতি মাসে ৪১ হাজার পাউন্ড ফি চেয়েছিলেন তিনি। নিজ কোম্পানি ‘টনি ব্লেয়ার অ্যাসোসিয়েটস (টিবিএ) এর মাধ্যমে ব্লেয়ার এ ‘দালালি’ করেন বলে অভিযোগ উঠেছে।

‘দ্য সানডে টাইসম’ জানিয়েছে, তাদের হাতে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে।

৪১ হাজার পাউন্ড ছাড়াও ব্লেয়ারের মধ্যস্থতায় সৌদি কোম্পানিটি কোন লাভজনক ব্যবসায়িক চুক্তিতে উপনীত হলে তাকে ২ শতাংশ কমিশনও দিতে হয়েছে।

চুক্তির ক্ষেত্রে ব্লেয়ার যে তদবির করেছেন তা নিয়ে কোনো কথা প্রকাশ করা যাবে না বলে তিনি সৌদি রাজপরিবারকে শর্তও দিয়েছিলেন।

পেট্রোসৌদি কোম্পানিটির যৌথ মালিক সৌদিআরবের ব্যবসায়ী তারেক ওবায়েদ ও সৌদিআরবের বাদশাহ আব্দুল্লাহ’র ছেলে প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ আল সৌদ।

পেট্রোসৌদি সূত্র এ ব্যাপারে সানডে টাইমসকে জানায়, “মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্লেয়ারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেকারণে আমরা তার সম্পর্কে জানতে পেরেছি। যদিও সাধারণ ভাবে আমরা অনেক মানুষকে চিনি এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন ।”

“এটি একটি গোপন চুক্তি ছিল যা চীনে আমাদের ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করেছে।”

ফাঁস হয়ে যাওয়া ২১ পাতার ওই চুক্তিপত্রটিতে দেখা যায়, টিবিএ চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পেট্রোসৌদির যোগাযোগ ও চুক্তিতে সাহায্য করতে রাজি হয়। ২০১০ সালের নভেম্বরে বেইজিং সফরে গিয়েছিলেন ব্লেয়ার।

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর এই প্রথম এ ধরনের কোন চুক্তির কথা প্রকাশ পেল যেখানে দালালির খাতায় ব্লেয়ারের নাম রয়েছে। কথাটি ব্লেয়ারেরই কোনো এক সহযোগী প্রকাশ করেছেন এবং ‘সানডে টাইমস’ তা প্রথম হাতে পায় বলে জানা গেছে।

এ ব্যাপারে ব্লেয়ারের একজন মুখপাত্র বলেন, “টনি ব্লেয়ার অ্যাসোসিয়েটস চার বছরের বেশি সময় আগে মাত্র কয়েক মাসের জন্য পেট্রোসৌদির হয়ে কাজ করেছে।”

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কূটনীতিকের ভূমিকা পালন করেছেন ব্লেয়ার। তার এ কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায় এখন সমালোচনার ঝড় উঠবে এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে তার ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দেবে বলে মনে করা হচ্ছে।