২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ১৭: ৯ যাত্রীর দেহাবশেষ মেলেনি এখনো

পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ২৯৮ জন যাত্রীর মধ্যে ৯ যাত্রীর লাশের হদিস এখনো মেলেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ডাচ পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্স শনিবার একথা জানিয়েছেন।

নতুন করে আরো পাঁচ যাত্রীর লাশ নেদারল্যান্ডসে পৌঁছার পর খারকিভ শহরে তিনি ওই কথা বলেন।

গত ১৭ জুলাই মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ আমস্টার্ডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় বিধ্বস্ত হওয়া এমএইচ১৭ ফ্লাইটটির ২৯৮ জন যাত্রীর মধ্যে ১৯৩ জনই ছিলেন ডাচ নাগরিক।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ নয় জনের দেহাবশেষ পেতে কত সময় লাগবে বা আদৌ পাওয়া যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে স্বজনরা যাতে তাদের প্রিয়জনদের লাশ পায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এবং এর আশপাশে এখনো লড়াই চলতে থাকায় তদন্তকারী কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বেগ পেতে হচ্ছে।

কর্মকর্তারা তাদের প্রতিবেদনে জানিয়েছিলেন, ‘অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন’ বেশ কিছু বস্তু এমএইচ১৭ তে আঘাত হানার কারণে এটি বিধ্বস্ত হয়।