২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইউ’র হস্তক্ষেপ নাকচ করেছে বুরকিনা ফাসো

আফ্রিকান ইউনিয়নের (এইউ) বেঁধে দেয়া সময়ের মধ্যে বুরকিনা ফাসোর সেনা সরকার দেশটির ক্ষমতা বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 07:31 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

দেশটির অন্তবর্তীকালীন রাষ্ট্রপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদা বলেন, তিনি বেসামরিক কর্তৃপক্ষের কাছে বুরকিনা ফাসোর ক্ষমতা হস্তান্তর করবেন। তবে এইউ’র বেঁধে দেয়া সময়ের বিষয়ে তিনি কিছু ভাবছেন না।

বিরোধী জোট ও সুশীল সমাজের সঙ্গে আলোচনার পর নিজের অবস্থানের কথা জানান কর্নেল জিদা।

এর আগে জিদা বলেছিলেন, তিনি এইউ’র বেঁধে দেয়া সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবেন।
ক্ষমতা হস্তান্তরের জন্য সেনা শাসকদের দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে এইউ।

না হলে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়েছে। যার মধ্যে বুরকিনা ফাসোর এইউ সদস্য পদ বাতিলসহ সামরিক কর্মকর্তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি অন্তর্ভূক্ত।

নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে কর্নেল জিদা বলেন, “নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে আমরা ভীত নই। বুরকিনা ফাসোর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন।”

বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতার জন্য ‘ইকোনমিক কমিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস’ (ইকোয়াস) সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল এর নেতৃত্বে একটি কমিটিকে বুরকিনা ফাসোতে পাঠায়।

বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনার পর তারা বেসামরিক অন্তবর্তীকালীন নেতৃত্বের বিষয়ে একমত হয়েছেন। যদিও কয়েকটি বিরোধী দল সাবেক প্রেসিডেন্ট ব্লাইস কমপাওরের দলের এই অলোচনায় অংশ গ্রহণ চায়নি।

ওদিকে, নিষেধাজ্ঞার হুমকি এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা। তিনি বলেন, “আমি নিশ্চিত যে আন্তর্জাতিক সমাজের নিষেধাজ্ঞা আরোপের মতো পরিস্থিতির মুখোমুখি আমরা হব না।”

সমস্যা সমাধানে আগামী মাসে এইউ’র শান্তি ও নিরাপত্তা পরিষদ আবারো আলোচনায় বসতে পারে। ব্যাপক গণআন্দোলনের পর গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট কমপাওরে।

দেশটির সংবিধান অনুযায়ী যদি প্রেসিডেন্ট পদত্যাগ করেন তবে জাতীয় পরিষদের প্রধান দেশের ক্ষমতা গ্রহণ করবেন।