যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শুরু
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস নিয়ে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সিনেটের নিয়ন্ত্রণ কারা পাচ্ছে তা নির্ধারিত হওয়ার পাশাপাশি ২০১৬ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতার পথও প্রশস্ত হবে এ নির্বাচনের মধ্য দিয়ে।
পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬ টা (১১:০০ জিএমটি) থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচনে রিপাবলিকানরাই এগিয়ে থাকবে এবং সিনেটে তারাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।
কংগ্রেসের নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদে আগে থেকেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আর মাত্র ছয়টি আসন প্রয়োজন।
সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ডেমক্রাটরাও তৎপরতা চালিছে যাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তায় ধস তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নতি হওয়ার পরও প্রেসিডেন্ট ওবামার জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে।
তবে ডেমোক্রাটরা মনে করেন, তাদের যোগ্যতা প্রমাণিত।এটিই নির্বাচনের আগে তাদের সমর্থকদের উজ্জিবীত করবে এবং নির্বাচনে তাদের এগিয়ে নিয়ে যাবে।
রোববার একটি প্রচারাভিযানে ওবামা তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “চেনা পরিচিত সবাইকে পাকড়াও করুন এবং ভোট দিতে নিয়ে চলুন। ঘরে বসে থাকবেন না। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা অন্য কারো হতে ছেড়ে দেবেন না।”
প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ে এ নির্বাচন হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে এবং যে দল ক্ষমতায় থাকে না সাধারণত সে দলের প্রার্থীদের জয়ই বেশি হয়।
এ বছর সিনেটের ১০০ আসনের এক তৃতীয়াংশের কিছু বেশি, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো, ৫০টি রাজ্যের মধ্যে ৩৬টির গভর্নর এবং অগণিত রাজ্য ও স্থানীয় কর্মকর্তা নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হচ্ছে।
