২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সুইডেন

ইউরোপের প্রথম বনেদি দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল সুইডেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2014, 06:39 PM

Updated : 25 Apr 2022, 04:53 PM

এই স্বীকৃতির পর ফিলিস্তিনকে তাদের সহায়তাও বাড়ানো হচ্ছে বলে সুইডেনের ঢাকা দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত মাসে সুইডেনের নতুন প্রধানমন্ত্রী স্তেফান লোভিয়ান শপথ অনুষ্ঠানে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতির ষোষণা দেওয়ার পর তা আনুষ্ঠানিক রূপ পেল।

তিনি বলেন, “ইসরায়েল-ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার মাধ্যমেই কেবল দুই দেশের সংঘাতের অবাসন সম্ভব। আন্তর্জাতিক আইন অনুসারেই তাদের মধ্যে বোঝাপড়া হতে হবে।

“দুই রাষ্ট্রের সমাধানের জন্য পারস্পরিক স্বীকৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা প্রয়োজন। আর সে কারণেই সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।”

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ভলস্ট্রম এক বিবৃতিতে বলেন, “সুইডেন সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে আমরা স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করতে চাই”।

তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার মেনে নেয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুইডেনের এ পদক্ষেপ আরো অনেকে অনুসরণ করবে বলেও আশা প্রকাশ করেন ওয়ালস্ট্রম।

“ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও শৃঙ্খলা নিয়ে পাশাপাশি থাকতে পারে এমন একটি ভবিষ্যত গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে সুইডেনের এ স্বীকৃতি,” বলা হয়েছে বিবৃতিতে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) পূর্ব ইউরোপ ও ভূ মধ্যসাগরীয় সাত দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইইউ গঠনের আগেই দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি এসেছিল বলে গণমাধ্যমের খবর।

পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অধিকৃত গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে  আসছে ফিলিস্তিনিরা।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের আগের সীমানা নিয়ে ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন প্রয়াত নেতা ইয়াসির আরাফাত। বিশ্বের প্রায় একশ দেশ তাদের স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে মূলত আরব, কমিউনিস্ট ও বাংলাদেশসহ জোট নিরপেক্ষ দেশগুলো রয়েছে।

কয়েক দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা চললেও এখনো বিষয়টির সুরাহা হয়নি।

ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেই ২০১২ সালে জাতিসংঘে ‘ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পায় ফিলিস্তিন।

সে সময় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের ‘জন্ম সনদের’ দাবির বিষয়ে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৮টি সদস্য দেশ। আর বিপক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছিল।

চলতি মাসেই ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটাভুটিতে ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে রায় হয়। তবে তা প্রতীকী হওয়ায় যুক্তরাজ্য সরকারের ওই রায় মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই।

পুরনো খবর:

রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে ব্রিটিশ এমপিরা