রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে ব্রিটিশ এমপিরা
ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্যরা।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির সদস্য গ্রাহাম মরিসের উত্থাপিত একটি প্রস্তাবের ওপর সোমবার ভোট দেন হাউস অব কমন্সের সদস্যরা। প্রস্তাবের পক্ষে ২৭৪টি, আর বিপক্ষে ১২টি ভোট পড়ে।
এই ফল প্রতীকী হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রভাব থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ সব মন্ত্রী ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী টোবিয়াস এলউড বলেছেন, “শান্তি প্রক্রিয়ায় জন্য উপযুক্ত” সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার অধিকার রয়েছে ব্রিটেনের।
যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে মর্যাদা দেয়ার দৃষ্টিতে না দেখলেও বলেছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের শান্তি প্রক্রিয়ায় সহায়ক পদক্ষেপ হিসাবে যে কোনো সময়ই তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত।
তবে হাউজ অব কমন্সে প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়লেও যুক্তরাজ্য সরকারের এটি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই এবং সরকারকে তাদের কূটনৈতিক অবস্থান পরিবর্তন করতেও বাধ্য হতে হবে না।
এরই মধ্যে বিশ্বের অনেক দেশ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এ সব দেশের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে সুইডেনের নাম।
ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার মুখেই ২০১২ সালে জাতিসংঘে ‘ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পায় ফিলিস্তিন।
সে সময় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের ‘জন্ম সনদের’ দাবির বিষয়ে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৮টি সদস্য দেশ। আর বিপক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছিল।
ওই ভোটাভুটিতে ৪১টি সদস্য দেশে ভোট দেয়া থেকে বিরত থাকে, যাদের মধ্যে ছিল যুক্তরাজ্যও।
