আফগানিস্তানে তালেবানের প্রাণঘাতী হামলা
শত শত তালেবান যোদ্ধা আফগানিস্তানে দুটি প্রাণঘাতী হামলা পরিচালনা করেছে।
রোববার আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে তালেবান জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে অন্তত চার সেনা নিহত হন।
দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের দুটি গ্রামে পাঁচশ’রও বেশি তালেবান জঙ্গি আক্রমণ করেছে বলে জানিয়েছেন প্রাদেশিক এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এখানে কতোজন হতাহত হয়েছেন তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও নেটোর করা চুক্তি অনুযায়ী বিদেশী প্রায সব সেনা চলে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের ১২ হাজার সেনা রয়ে যাবে দেশটিতে। এরা আফগান সেনাবাহিনীকে সহায়তা করা ছাড়াও তাদের প্রশিক্ষণের দিকটি দেখভাল করবে।
এছাড়া আল কায়েদার অবশিষ্ট অংশের সঙ্গে লড়াই করার জন্য আলাদাভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আরো কিছু সেনা দেশটিতে রয়ে যেতে পারে।
