হিমালয়ে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০
নেপালে হিমালয় পর্বতে তুষারঝড় ও তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ৩০ জনে দাঁড়িয়েছে।
এরআগে এই ঘটনায় ১২ জন পর্বোতারোহী নিহত ও বহুজন নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
বিবিসি বলছে, নেপালের মুসতাং এলাকায় থরুং লা পর্বত থেকে ফেরার পথে ভারি তুষারপাতের মুখে পড়ে পর্বতারোহীদের একটি দল।
নিহতদের মধ্যে ৮ জন নেপালি, ২ জন পোলিশ ও ২ জন ইসরায়েলি নাগরিক রয়েছেন। এছাড়াও কানাডা, স্লোভাকিয়া ও ভারতীয়সহ স্থানীয় অধিবাসীরাও রয়েছেন।
প্রায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে।
ওদিকে, মঙ্গলবার আরেক ঘটনায় তুষারধসে তিন নেপালি কৃষকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদের কারণে অপ্রত্যাশিত তুষারপাত হয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
পর্বতারোহীরা তাদের আরোহনের পথেই তুষারের নিচে চাপা পড়ে নিহত অথবা নিখোঁজ হয়েছেন।
প্রতিবছর অক্টোবরে হাজার হাজার পর্বতারোহী হিমালয়ের অন্নপূর্ণ অঞ্চল ভ্রমণ করে থাকেন। বছরের এই সময়টা সাধারণত পর্বতারোহণের জন্য উপযুক্ত থাকে।
ধারণা করা হচ্ছে, এখনো অনেক পর্বতারোহী তুষারের নিচে আটকা পড়ে রয়েছেন।
অন্যদিকে, কিছুটা পূর্বে মানাসলু পর্বতের কাছে একজন ফরাসি ব্যক্তি নদীতে ভেসে গিয়ে মারা গেছেন।
কয়েক মাস আগেই হিমালয়ে এক দুর্ঘটনায় নেপালের ১৬ জন শেরপা মারা যান, যে দুর্ঘটনাকে দেশটির হিমালয় অভিযানের ইতিহাসে সবচে মারাত্মক হিসেবে বিবেচনা করা হয়।
আর এরপর বুধবারই হিমালয় অভিযানে এত বেশি সংখ্যক পর্বতারোহীর মৃত্যু হল।
