ইবোলা: চালকের মৃত্যুর পর স্বেচ্ছায় নজরদারিতে মন্ত্রী
ইবোলায় আক্রান্ত হয়ে চালক নিমেনে সুমো মারা যাওয়ার পর স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সঙ্গীহীন নজরদারিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন লাইবেরিয়ার পরিবহনমন্ত্রী অ্যাঞ্জেলা ক্যাসেল বুশ।
মঙ্গলবার লাইবেরিয়ার রাজধানী মনোরোভিয়ায় এক নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দেশটির গণযোগাযোগ বিষয়ক সহকারী তথ্যমন্ত্রী আইজ্যাক জ্যাকসন।
তবে মন্ত্রী ক্যাসেল বুশ ইবোলা আক্রান্ত হননি বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে বর্ণনা করেছেন তিনি।
সতর্কতা হিসেবে ক্যাসেল বুশ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেকে সঙ্গীহীন অবস্থায় ২১ দিন নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জ্যাকসন।
একই দিন পরিবহন মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত গাড়িচালক সুমো ৩ অক্টোবর কাজ ছেড়ে যাওয়ার পর থেকে তার সঙ্গে মন্ত্রীর আর দেখা হয়নি।
পাশাপাশি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব পরিবহন মন্ত্রণালয়ের পুরো ভবনকে জীবাণুমুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে।
মৃত সুমোর সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছিল মন্ত্রণালয়ের এমন কর্মকর্তা ও কর্মীদের নিজেদের শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য ২১ দিন বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে পরিবহণ মন্ত্রণালয়।
এর আগে এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী লেউইস জি ব্রাউন জানিয়েছেন, দেশের প্রধান চিকিৎসা কর্মকর্তা বার্নাইস ডাহন ২১ দিনের সঙ্গীহীন অবস্থা থেকে নিষ্কৃতি পেয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে তার প্রশাসনিক সহকারী মারা যাওয়ার পর থেকে ওই অবস্থায় ছিলেন তিনি।
