এল সালভাদর উপকূলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১
এল সালভাদর ও নিকারাগুয়ার উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিহত হয়েছেন।
সোমবার রাতের এই ভূমিকম্পটি পুরো ল্যাতিন আমেরিকাজুড়ে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এল সালভাদরের জরুরি বিভাগগুলো জানিয়েছে, উসুলুতান বিভাগে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপকূলীয় এলাকা শান্ত আছে এবং দেশের আন্তর্জাতিক বিমান বন্দরের কোনো ক্ষতি হয়নি।
দেশটির সান মিগুয়েল শহরের মেয়র তার ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, ভূমিকম্পের সময় একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নিকারাগুয়ার জিকুইলিলো থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং এল সালভাদরের রাজধানী সান সালভাদর থেকে ১৭৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পের কারণে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়।
