কোবানিতে আটকা পড়েছে ৭শ’ জন : জাতিসংঘ
সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে ৭’শ বেসামরিক লোক আটকা পড়েছে বলে সতর্ক করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিসতুরা।
শুক্রবার বিবিসি জানিয়েছে, আটকা পড়া এসব লোকদের বেশিরভাগই বয়স্ক বলে জানিয়েছেন মিসতুরা।
একটি সংকীর্ণ প্রবেশ ও বহির্গমন পথ ছাড়া কোবানি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দিয়ে “আক্ষরিক অর্থেই অবরুদ্ধ” হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
শহরের কেন্দ্রেস্থলে বেশিরভাগ বয়সী লোকসহ প্রায় ৭’শ বাসিন্দা আটকা পড়েছে এবং কাছাকাছি আরো ১০ থেকে ১৩ হাজার লোক জমা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইএস’র হাতে শহরটির পতন হলে এসব বেসামরিক লোক “নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হতে পারে” বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জাতিসংঘ আরেকটি স্রিব্রেনিকা দেখতে চায় না বলে সতর্ক করেছেন তিনি।
১৯৯৫ সালে বোসনিয়ার গৃহযুদ্ধ চলার সময় স্রিব্রেনিকায় ৮ হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যা করেছিল বোসনিয়ার সার্ব বাহিনী।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে মিসতুরা বলেন, “তুর্কি কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি, অন্ততপক্ষে স্বেচ্ছাসেবকদের এবং তাদের রসদ শহরটিতে প্রবেশ করতে দিন, যেন তারা স্বেচ্ছা-প্রতিরোধ অভিযানে অবদান রাখতে পারেন।”
তিনি কোবানির আশপাশে আইএস’র লক্ষ্যস্থলগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় যোগ দিতে তুরস্কের প্রতি আহ্বান জানান।
কিন্তু একই দিন তুর্কি সরকারি দল একে পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াসিন আকতে দাবী করেছেন, কোবানির সব বেসামরিক বাসিন্দারা শহরটি ত্যাগ করে ইতোমধ্যেই তুরস্কে চলে এসেছে।
তিনি বলেন, “সন্ত্রাসী পিকেকে’র (কুর্দি ওয়ার্কাস পার্টি) দাবী মতো সেখানে কোনো শোচনীয় ঘটনা ঘটছে না। সেখানে দুটি সন্ত্রাসী গোষ্ঠির মধ্যে লড়াই চলছে।”
কোবানিতে কুর্দি বাহিনীর সদর দপ্তর আইএস দখল করে নিয়েছে, এমন প্রতিবেদন প্রকাশের পর শহরটির কুর্দি কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।
তিন সপ্তাহ ধরে আইএস ও কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে কোবানিতে তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ের জের ধরে শহরটির হাজার হাজার সিরীয় কুর্দি প্রতিবেশী তুরস্কে পালিয়ে গেছে।
শহরটির প্রতিরোধ লড়াইয়ে রত কুর্দি যোদ্ধারা জানিয়েছে, জঙ্গিদের অগ্রযাত্রা থামাতে তাদের জরুরী ভিত্তিতে আরও অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পাশপাশি তাদের জঙ্গি বিমানগুলো বৃহস্পতি ও শুক্রবার কোবানির দক্ষিণপূর্বদিক ঘিরে থাকা এবং পুর্ব সিরিয়ার দির আর জোরে আইএস’র অবস্থানে হামলা চালিয়েছে।
এসব হামলায় আইএস’র বেশ কয়েকটি যানবাহন ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
তবে কোবানির কুর্দি সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, শহরের পশ্চিমদিকে প্রায় দেড় ঘন্টা ধরে চারটি বিমান হামলা চালানো হয়েছে।
