ইউক্রেইনে লড়াইয়ে নিহত ১৫
পূর্ব ইউক্রেইনে সোমবার থেকে অব্যাহত লড়াইয়ে ৭ বেসামরিক ব্যক্তিসহ অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ইউক্রেইনের সরকারি প্রতিবেদন সূত্রে এ খবর জানা গেছে।
ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রেই লিসেঙ্কো’র বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ৫জন সরকারি সেনা।
ইউক্রেইনীয় সেনাদের লক্ষ করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় এসব সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন লিসেঙ্কো। এছাড়া বহু সেনা আহতও হয়েছেন।
দোনেৎস্ক’র চারপাশে এসব লড়াইয়ের সময় বিদ্রোহীরা ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছেন তিনি।
তবে লড়াইয়ে বিদ্রোহীদের পক্ষেও “ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অপরদিকে বিদ্রোহীদের এক নেতা জানিয়েছেন, দোনেৎস্কের ওই লড়াইয়ে বিদ্রোহীপক্ষের অন্ততপক্ষে তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
এরআগে দোনেৎস্কের নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের আবাসিক এলাকায় গোলাবর্ষণে ৪ বেসামরিক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া ইউক্রেইনের লড়াইয়ে এ পর্যন্ত ৩৬০০ জন নিহত হয়েছেন এবং ৮,৪৪০ জন আহত হয়েছেন।
