মোদির বিমানে ‘গ্রেনেড’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহারের জন্য কথিত বিকল্প বিমানটিতে একটি ডামি গ্রেনেড পাওয়া গেছে।
বিমানটিতে নিরাপত্তা মহড়া চলাকালে গ্রেনেডটি ব্যবহার করা হয়েছিল।
মহড়া শেষে গ্রেনেডটি কীভাবে বিমানে থেকে গেল তা খুঁজে বের করতে বহুমাত্রিক তদন্ত শুরু করা হয়েছে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি।
শনিবার ভোররাতে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বোঝাই যাত্রী নিয়ে মুম্বাই থেকে হায়দ্রাবাদ হয়ে জেদ্দা যায়।
জেদ্দা বিমানবন্দরের নামার আগে বিমানের পাইলট জেদ্দার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বস্তুটির কথা জানায়। বিমান নামার পর নিরাপত্তা বিশেষজ্ঞরা পুরো বিমানে তল্লাশি চালিয়ে ওই ডামি গ্রেনেডটি উদ্ধার করে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজু এই ঘটনাকে বিমানবন্দরের কর্মকর্তাদের “ব্যর্থতা” বলে বর্ণনা করেছেন।
রাজু বলেছেন, “মহড়ার পরে গ্রেনেডটি সম্ভবত রয়ে গিয়েছিল। এখানে ব্যর্থতার কিছু বিষয় আছে আর তা বরদাস্ত করা হবে না।”
ভারতের জাতীয় পরিবহন এয়ার ইন্ডিয়া তাদের দেয়া বিবৃতিতে ঘটনাটিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছিল।
বিবৃতিতে বলা হয়েছিল, “জেদ্দায় নামার আগে ক্যাবিন ক্রু’রা একটি সন্দেহজনক বস্তু খুঁজে পেয়েছেন, বস্তুটিকে মোড়ানো প্লাস্টিক বলে ধারণা করা হচ্ছে।”
তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
মোদি যুক্তরাষ্ট্র থেকে ফেরার আগে দিল্লি বিমানবন্দরে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড ওই মহড়াটি চালিয়ে ছিল বলে নিশ্চিত করেছে সংস্থাটির সূত্রগুলো।
