২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের আলোচনায় বসতে রাজি দুই কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্কের অবসানের আশা দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:55 PM

Updated : 26 Jul 2022, 12:44 PM

আট মাস আগে বন্ধ হওয়া দ্বিপাক্ষিক আলোচনা ফের শুরু করতে দুদেশের নীতি নির্ধারকরা সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

শনিবার দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, এশিয়ান গেইমসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফররত উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এ বিষয়ে ঐকমত্য হয়।

উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা হোয়াং পেয়ং সোর নেতৃত্বে এই প্রতিনিধি দল শনিবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছে। দলে আছেন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নেতা কিম ইয়াং গনসহ প্রেসিডেন্ট কিম জং উনের দুই শীর্ষ সহযোগী।

বিবিসির খবরে বলা হয়, উভয় পক্ষ আগামী সপ্তাহে আলোচনা শুরুর পক্ষে একমত হয়েছে।

এর আগে এশিয়ান গেইমসের সমাপনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা কিম ইয়াং গন বলেন, “এশিয়ান গেইমস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব, যাতে জাতিগুলোর শৌর্য্য-বীর্য ও ঐতিহ্যের প্রকাশ ঘটে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবারের প্রতিযোগিতায় খুব ভালো করেছে, যা বিশ্ববাসীকে অত্যন্ত আনন্দ দিয়েছে।”

প্রশান্ত অঞ্চলের দেশ দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত যুদ্ধবিধ্বস্ত। ১৯৫০ সালে তিন বছর ধরে সংঘাত চলার পর দেশ দুটি যু্দ্ধবিরতিতে পৌঁছলেও তাদের মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি।

সম্প্রতি দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে, যাতে উভয়পক্ষেই উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়া বোমা হামলা চালালে বেসামরিক নাগরিকও মারা যান।

অজ্ঞাত এক হামলায় সিউলের একটি সামরিক জাহাজ ডুবি ও ৪৬ সেনা নিহত হওয়ার পর পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ কোরিয়া। ওই হামলার জন্য উত্তর কোরিয়াকে দুষছে দক্ষিণ।

দুই কোরিয়াকে শান্তিচুক্তিতে পৌঁছাতে ইতোপূর্বে একাধিক প্রচেষ্টায় ছেদ পড়েছিল উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ওয়াক আউটের কারণে।

পুরনো খবর:

দক্ষিণ কোরিয়ায় বিরল সফরে উত্তরের প্রতিনিধি দল