২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বিরল সফরে উত্তরের প্রতিনিধি দল

দুই দেশের মধ্যে বৈরিতা অবসানে আশার সঞ্চার করে বিরল এক সফরে দক্ষিণ কোরিয়া গেছে উত্তর কোরিয়ার একটি শীর্ষ প্রতিনিধি দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2014, 04:47 PM

Updated : 26 Jul 2022, 12:44 PM

শনিবার এশিয়ান গেইমসের সমাপনি অনুষ্ঠানে যোগ দিতে প্রতিনিধি দলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছায়।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দুই শীর্ষ সহযোগী ওই দলে রয়েছেন। হোয়াং পেয়ং সো নামের এক সামরিক কর্মকর্তা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যিনি সামরিক পোশাকেই সিউলের একটি বিমানবন্দরে অবতরণ করেন।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নেতা কিম ইয়াং গন প্রতিনিধি দলে রয়েছেন।

তিনি বলেন, “এশিয়ান গেইমস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব যাতে জাতিগুলোর সৌর্যবীর্য ও ঐতিহ্যের প্রকাশ ঘটে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবারের প্রতিযোগিতায় খুব ভালো করেছে যা বিশ্ববাসীকে অত্যন্ত আনন্দ দিয়েছে।”

প্রশান্ত অঞ্চলের দেশ দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত যুদ্ধাবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। ১৯৫০ সালে তিন বছর ধরে সংঘাত চলার পর দেশ দুটি যু্দ্ধবিরতিতে পৌঁছলেও তাদের মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি।

সম্প্রতি দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে, যাতে উভয়পক্ষেই উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়া বোমা হামলা চালালে বেসামরিক নাগরিকও মারা যান।

অজ্ঞাত এক হামলায় সিউলের একটি সামরিক জাহাজ ডুবি ও ৪৬ সেনা নিহত হওয়ার পর পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ কোরিয়া। ওই হামলার জন্য উত্তর কোরিয়াকে দুষছে দক্ষিণ।

দুই কোরিয়াকে শান্তিচুক্তিতে পৌঁছাতে ইতোপূর্বে একাধিক প্রচেষ্টায় ছেদ পড়েছিল উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ওয়াক আউটের কারণে।