ইরাকে বিশেষ বাহিনী পাঠাবে অস্ট্রেলিয়া
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সেনাদের সেখানে পাঠাবে।
এছাড়া, আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় অস্ট্রেলিয়ার জঙ্গি বিমান ব্যবহার করা হবে।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
অ্যাবট বলেন, “ইরাক সরকারের অনুরোধে এবং ইরাক সরকারকে সাহায্য করার জন্য আজ সংসদে বিমান হামলার অনুমোদন দেয়া হয়েছে।”
“সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীকে ইরাকে পাঠানোর ব্যাপারে চূড়ান্ত আইনি কাগজপত্রেও সংসদ অনুমোদন দিয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার সেনারা ইরাকি বাহিনীকে পরামর্শ ও সহায়তা দেবে।”
যৌথবাহিনীর সঙ্গে যোগ দেয়ার জন্য অ্যাবট গত মাসে জঙ্গি বিমান এবং ছয়শ অস্ট্রেলিয় সেনাকে সংযুক্ত আবর আমিরাতে পাঠান।
ওই সময় বলা হয়েছিল, অস্ট্রেলিয়ার বিমান আইএস এর বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেবে। তবে সেনারা ইরাকের মাটিতে যুদ্ধ করবে কিনা সেটা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিমানগুলো ইরাকে ত্রাণ কার্যক্রম চালানোর পাশাপাশি ইরাকের সরকারি বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে।
অগাস্ট থেকে ইরাকের আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র।
দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও পাঁচ আরব মিত্র সিরিয়ার জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে।
ইউরোপের দেশগুলো ইরাকের যুদ্ধে সহায়তা করলেও সিরিয়ার ব্যাপারে এখনো নীরব।
