২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের সমন থেকে রেহাই পাবেন মোদী: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সফরে সরকার প্রধান হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “দায়মুক্তি ও ব্যক্তিগত সুরক্ষা” পাবেন বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 11:58 AM

Updated : 25 Apr 2022, 04:45 PM

সফরের সময় মোদির কাছে যুক্তরাষ্ট্রের আদালতের কোনো সমনও দেয়া হবে না বলে শুক্রবার নিশ্চিত করেছেন দেশটির জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা।

বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত “২০০২ সালে গুজরাটে সংঘবদ্ধ ভয়াবহ সহিংসতা”র জন্য মোদির বিরুদ্ধে সমন জারি করেছিল।

২০০২ সালের ওই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাকালে ভারতীয় রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোদি।

এক যুগ আগের ওই দাঙ্গার সহিংসতা থেকে বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠি আমেরিকান জাস্টিস সেন্টার‘র (এজেসি) অভিযোগের প্রেক্ষিতে সমনটি জারি করে আদালত।

মোদির যুক্তরাষ্ট্র সফর তদারক করার দায়িত্বে নিযুক্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই সমন জারির বিষয়টি সম্পর্কে জ্ঞাত আছেন।

তারা বলেছেন, “চলতি সরকার প্রধান দায়মুক্তি ও ব্যক্তিগত সুরক্ষা পেয়ে থাকেন।” তবে মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তারা।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসা সব প্রতিনিধি দলের প্রধানরাই একই ধরনের দায়মুক্তি ভোগ করে থাকেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির ভাষণ দেয়ার কথা রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য তার ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে।

২৯ ও ৩০ সেপ্টেম্বর ভারত ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ওই দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ৬৪ বছর বয়সী মোদী।

২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা এলাকায় অযোধ্যা থেকে ফেরা সবরমতি এক্সপ্রেস ট্রেনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৫৮ জন হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক নিহত হন। এর জের ধরে গুজরাটজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় ১২শ’ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই মুসলামান।

২০০২ সালে কোনো অপরাধ করেননি বলে দাবি করে আসছেন মোদি। ভারতের সর্বোচ্চ আদালতের একটি রায়েও মোদির ওই কথার সমর্থনে বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।