ইরাক-সিরিয়ায় আইএস’র ওপর নতুন বিমান হামলা
ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সীমান্তবর্তী ইরাকি শহর আল কুয়াইমে একবার, বাগদাদের পশ্চিমাঞ্চলে দুইবার এবং অরবিল শহরের দক্ষিণপূর্বে দুইবার হামলা চালানো হয়েছে।
“মঙ্গল ও বুধবার চালানো এ হামলায় আইএস এর অস্ত্র বোঝাই দুইটি গাড়ি, অন্য আরো আটটি গাড়ি, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি অবস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”
সিরিয়া-ইরাক সীমান্তে আবু কামালের কাছে ধ্বংস হয়েছে আইএস এর কয়েকটি যান। পূর্ব সিরিয়ার দির আল-জোর এ ধ্বংস হয়েছে আরো দুটো যান।
আইএস জঙ্গিদের দমন করতে অগাস্ট থেকে ইরাকে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সেখানে দুইশ’ বারের বেশি বিমান হামলা চালিয়েছে তারা।
পাঁচটি আরব দেশের সমর্থন নিয়ে সোমবার থেকে সিরিয়ার আইএস জঙ্গিদের ওপরও বিমান হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত সিরিয়ায় প্রায় ২০ বার হামলা চালানো হয়েছে।
বিমান হামলার ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবাই বলেন, “আমরা বিশ্বাস করি এ যুদ্ধে আমরা (আইএস’র) যে ধরণের ক্ষতি করতে পারব বলে জানিয়েছি তা করতে শুরু করেছি। এখন পর্যন্ত করা হামলাগুলো খুবই সফল হয়েছে।”
