বাগদাদে কেরির সফরকালে হামলায় নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদে দুটি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের মধ্যে বৃহস্পতিবার এ হামলা হয়।
বাগদাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শিয়া এলাকায় প্রথম দুটি বোমায় নিহত হয় ২০ জন এবং আহত হয় ৫৬ জন। পুলিশ স্টেশনের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী আরেক বোমা হামলাকারী একটি সিনেমা হলের কাছে বোমা হামলা ঘটায়।
পূর্বাঞ্চলীয় আল গাদির এলাকায় সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় আরো দুটি হামলায় একটি বাজারের কাছে দুটো গাড়ি উড়ে যায়। এতে নিহত হয় ১০ জন এবং আহত হয় ৩০ জন। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আইএস’কে পরাজিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আসন্ন অভিযানের প্রস্তুতি হিসেবে কেরি মধ্যপ্রাচ্য সফর শুরুর পর বাগদাদে অবস্থানের সময়টিতেই এ হামলা হয়।
