‘অসংখ্য বস্তুর’ আঘাতে ভেঙেছে এমএইচ১৭
পূর্ব ইউক্রেইনে বিধ্বস্ত মালয়েশিয়ার এমএইচ ১৭ ফ্লাইট ‘অসংখ্য বস্তুর’ আঘাতে মধ্য আকাশে ভেঙে যায় বলে জানিয়েছেন ডাচ বিশেষজ্ঞরা।তারা বলছেন, বস্তুগুলো প্রচণ্ড বেগে এসে বিমানটিকে আঘাত করেছে।
ডাচ সেফটি বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমএইচ ১৭ বিধ্বস্ত হওয়ার পেছনে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিবিসি’র এক সংবাদদাতা বলছেন, বিমানটি শার্পনেল কিংবা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছিল বলে যে ধারণা রয়েছে, প্রাপ্ত প্রমাণ এর সঙ্গে মিলে যাচ্ছে।
ডাচ বিমান কর্তৃপক্ষের তদন্তকারীরা বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্যাটেলাইটে তোলা ছবি এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবির ভিত্তিতে প্রাথমিক ওই তদন্ত প্রতিবেদন দিয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে গত ১৭ জুলাই বিধ্বস্ত হয় এমএইচ ১৭। বিমানটি ২৯৮ জন আরোহী নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হন। পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরা বিমানটিকে ভূপাতিত করেছে বলে অভিযোগ রয়েছে। তবে বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করেছে।
ডাচ তদন্ত প্রতিবেদনে বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই মধ্য আকাশে বিধ্বস্ত হয়েছিল- সরাসরি এমন কথা উল্লেখ করা না হলেও এতে অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাকচ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি জরুরি কোনো অবস্থায় পড়েনি, যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না, পাইলটও কোনো ভুল করেনি। বরং প্রচণ্ড গতিসম্পন্ন বস্তুর আঘাতে এটি বিধ্বস্ত হয়েছে।
বিইউকে ক্ষেপণাস্ত্র যেভাবে ধেয়ে আসে এটিও ছিল অনেকটা তেমনি। বস্তুগুলো ঠিক লক্ষ্যে আঘাত করেনি বরং বিমানটির আশেপাশেই বিস্ফোরিত হয়েছে এবং শার্পনেলের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মানছেন বিশেষজ্ঞরা। কিন্তু কে বা কারা এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা বেরিয়ে আসেনি এ তদন্ত থেকে।
