২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১২০০ বন্দি মুক্তি’ দিয়েছে ইউক্রেইনের বিদ্রোহীরা

পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরা ১২০০ বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শুক্রবার সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দিরা মুক্তি পেল।চুক্তিতে বন্দিবিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলে জানান পোরোশেঙ্কো। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল বন্দর শহর পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

সাম্প্রতিক দিনগুলোতে শহরটিতে গোলা হামলা চালিয়েছে রুশপন্থি বিদ্রোহীরা। শহরটিতে পদার্পন করেই একটি ট্যুইটে পোরোশেঙ্কো লেখেন, “মারিউপোল হচ্ছে ইউক্রেইন। আমরা এ ভূমি কারো কাছে সমর্পণ করব না”।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা র্পর্ব ইউক্রেইনে লড়াইয়ে অগ্রগতি অর্জন করে এবং মারিউপোল বন্দরের বাইরে কয়েকমাইল পর্যন্ত এলাকা দখল করে। দুপক্ষের মধ্যে লড়াই চলতে থাকার মধ্যেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয়েছে এবং তা কার্যকর রয়েছে।

গত এপ্রিল থেকে পূর্ব ইউক্রেইনে চলমান লড়াইয়ে এ পর্যন্ত নিহত হয়েছে ২ হাজার ৬শ’ মানুষ।

পোরোশেঙ্কো বলেন, “গত চারদিনে আমরা ১২০০ বন্দি মুক্তির ব্যবস্থা করতে পেরেছি”।

বেলারুশের মিন্সকে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের ‘ওএসসিই’ উদ্যোগে ইউক্রেইন সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর বন্দিমুক্তির এ ঘোষণা এল।