২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তান নিতে পারবে চীনের ২০ হাজার দম্পতি

জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন সরকার তাদের এক সন্তান নীতি কঠোর ভাবে বাস্তবায়ন করলেও এবছর ২১ ফেব্রুয়ারিতে দেশটি এ নীতি কিছুটা শিথিল করার পর এ উদ্যোগ নিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

চীনে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি পেয়েছে প্রায় ২০ হাজার পরিবার।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শনিবার বেইজিংয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পৌর কমিশন এ সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২১,২৪৯ জন দম্পতি আবেদন করেছিলেন এবং ১৯,৩৬৩ জনকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, যেসব দম্পতিদের অনুমতি দেয়া হয়েছে তাদের ৫৬ শতাংশ নারীর বয়স ৩১ থেকে ৩৫ এর মধ্যে।

এছাড়া, অনুমতি পাওয়া ৫৩৭ জন নারীর বয়স ৪০ এর ওপরে।
২০১৩ সালের শেষে চীন তাদের এক দশক ধরে চলা এক সন্তান নীতি শিথিল করে।

এর আগে চীনের বেশির ভাগ প্রদেশে কেবল ওই সব দম্পতিদেরই দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়া হত যাদের অন্তত একজন তার বাবা-মা’র একমাত্র সন্তান।

এক সন্তান নীতির কঠোর বাস্তবায়নের ফলে চীনে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে, যা শ্রম বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

জনসংখ্যাবিদরা মনে করেন, পরিবার পরিকল্পনা নীতি শিথিল করার সিদ্ধান্ত এই সমস্যা সমাধানে সাহায্য করবে।

এছাড়া, এক সন্তান নীতির কারণে অনেক দম্পতি বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারীরা পছন্দ অনুযায়ী সন্তান পেতে গর্ভপাতের মতো অমানবিক ঘটনা ঘটায়।

২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চীনে ছেলে ও মেয়ে শিশু জন্মানোর অনুপাত ১১৮:১০০। নতুন এই সিদ্ধান্ত এই অনুপাত কমিয়ে আনতে সহায়ক হবে।