২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল শাবাবের নতুন নেতার নাম ঘোষণা

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চালানো এক বিমান হামলায় সংগঠনের শীর্ষ নেতা আহমেদ গোদানে নিহত হয়েছেন বলে নিশ্চিত করে নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করেছে সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি আল শাবাব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2014, 11:40 AM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শনিবার এক বিবৃতিতে শেখ আহমদ উমর আবু উবাইদাকে নতুন নেতা ঘোষণা করে শত্রুদের “চরম ভোগান্তিতে” ফেলার প্রতিজ্ঞা জানিয়েছে গোষ্ঠিটি।

গত সপ্তাহের সোমবার রাতে দক্ষিণ-মধ্য সোমালিয়ায় আল শবাবের একটি শিবির লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও লেজার নিয়ন্ত্রিত বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র বাহিনী। ওই শিবিরে শাবাবের শীর্ষ নেতা গোদানে সংগঠনটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গোপন বৈঠক করছেন বলে খবর ছিল। হামলার পর গোদানে নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেলেও শুক্রবার পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। ওই দিন সবদিক থেকে নিশ্চিত হয়ে গোদানের নিহত হওয়ার সংবাদ প্রকাশ করে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। ২০০৮ সালে সংগঠনের দায়িত্ব গ্রহণের পর একে ঢেলে সাজিয়ে ব্যাপক সক্ষম একটি জঙ্গিগোষ্ঠি হিসেবে গড়ে তোলেন গোদানে। তার নেতৃত্বে সোমালিয়ায় অসংখ্য অভিযানসহ প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালায় আল শাবাব। এসব হামলার মধ্যে গত বছর ২১ সেপ্টেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত বিপণীবিতান ওয়েস্টগেট শপিং মলে হামলা চালিয়ে ৬৭ জনকে হত্যা অন্যতম। আল শাবাবের বিরুদ্ধে সোমলিয়ার সরকারি বাহিনীর পাশাপাশি কেনীয় সরকারি বাহিনী অভিযানে নামার প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে বলে প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়েছিলেন গোদানে। গোদানে নিহত হওয়ায় আল শাবাবের সন্ত্রাসী হামলায় সামর্থ্য অনেকটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে গোষ্ঠিটির একতাও হুমকীর মুখে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গোষ্ঠিটির নতুন শীর্ষ নেতা আবু উবাইদা সম্পর্কে খুব অল্পই জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সোমালিয়ার স্থানীয় এক প্রবীণ ব্যক্তি জানিয়েছেন, গোদানের নিজ গোত্র দির থেকে আসা উবাইদা ২০০৬ সালে আল শাবাবে যোগ দিয়েছেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের একই ধরনের বিমান হামলায় শাবাবের তৎকালীন শীর্ষ নেতা এডেন হাশি আইরো নিহত হলে এক সপ্তাহের কম সময়ের মধ্যে গোদানেকে গোষ্ঠিটির শীর্ষ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবারও গোদানে নিহত হওয়ার পর এক সপ্তাহ পার হওয়ার আগেই নতুন শীর্ষ নেতার নাম ঘোষাণা করলো আল শাবাব।