পাকিস্তানে ভারী বর্ষণ, বন্যায় নিহত ৭৩
পাকিস্তানে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্যার কারণে দেশটির বিভিন্ন স্থানে গত কয়েকদিনে অন্তত ৭৩ জনের প্রাণহানি হয়েছে বলে শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, মৌসুমী বন্যায় পাঞ্জাব ও কাশ্মির অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে লাহোরে। সারা পাকিস্তান জুড়ে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
রাজধানী ইসলামাবাদসহ কয়েকটি শহরে গত তিন সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের চেয়ে বন্যা পরিস্থিতি আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী নেতা ইমরান খানের দল পিটিআই ও তাহির উল কাদরির দল পিএটি গত ১৪ অগাস্ট থেকে সরকার পতনের দাবিতে ইসলামাবাদে গণঅবস্থান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় পত্রপত্রিকা ও টেলিভিশনগুলো এতদিন বিক্ষোভের ঘটনা প্রচার করলেও এখন এর পরিবর্তে সংবাদের শিরোনাম হয়ে উঠেছে ব্যাপক বিধ্বংসী বন্যা পরিস্থিতি।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আরো কয়েকদিন ধরে বৃষ্টিপাতের আভাস মিলেছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে এবং ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে।
বন্যায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এলাকা হিসেবে পরিচিত পাঞ্জাবেই নিহত হয়েছে ৪৩ জন। এছাড়া, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মারা গেছে অন্তত ৩০ জন।
পাঞ্জাবের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক নাসির সানি জানান, “পাঞ্জাবে নিহত ৪৩ জনের অধিকাংশই ঘরের ছাদ ও চালার নিচে চাপা পড়েছিলেন। কয়েকজন মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে”।
কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ওমার রাশিদ বলেন, “হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বৃষ্টিপাত আরো কয়েকদিন স্থায়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।”
ওদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরেও বন্যা ও ভারী বর্ষণে অন্তত ৬৫ জন মারা গেছে বলে সেখানকার প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে।
