২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২শ’ বছরেও দূষণমুক্ত হবে না গঙ্গা’!

ভারতের গঙ্গা নদী দূষণমুক্ত করতে ক্ষমতাসীন মোদি সরকার লোকসভা নির্বাচনে জেতার আগে থেকেই হাঁকডাক দিয়ে আসলেও এ নিয়ে বাস্তবে তাদের কাজে হতাশ হয়েছে সর্বোচ্চ আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 11:53 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

মোদি সরকার যেভাবে দূষণ নিরোধি তৎপরতা চালাচ্ছে, তাতে আগামী দুইশ’ বছরেও গঙ্গা নদী পরিশুদ্ধ হবে না বলে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তিরষ্কার করেছেন সুপ্রিম কোর্টের বিচারক।

সম্প্রতি ভারতের আণবিক শক্তি কেন্দ্রের ‘ন্যাশনাল সেন্টার ফর কম্পোজিশনাল ক্যারেক্টারাইজেশন অব ম্যাটারিয়ালস’ (এনসিসিএম) এক গবেষণায় গঙ্গার পানিতে ক্রোমিয়াম সিক্স বা ছয়মাত্রার ক্রোমিয়াম পাওয়া গেছে বলে জানিয়েছে, যা বিষেরই নামান্তর। মানবদেহ এর সংস্পর্শে এলে ক্যান্সার হতে পারে।

হিন্দু পুণ্যার্থীদের অন্যতম এই তীর্থস্থানের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী ইশতেহারে গঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
 

এনডিটিভি জানায়, বুধবার আদালত এক শুনানিতে সরকারের দূষণ বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে বলেছে, “আপনাদের পরিকল্পনা দেখে মনে হচ্ছে, গঙ্গা আগামী দুইশ’ বছরেও পরিষ্কার হবে না। এমন একটি পরিকল্পনা হাতে নেয়া উচিৎ যাতে আগামী প্রজন্ম গঙ্গার হারিয়ে যাওয়া সৌন্দর্য দেখতে পারে।”

প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদীর দূষণ বিরোধী অভিযানে ‘আমলাতান্ত্রিক’ জটিলতা রয়েছে বলে মত দেন বিচারক। গঙ্গা নিয়ে তিন সপ্তাহের মধ্যে সরকারের পর্যায়ক্রমিক পরিকল্পনা ‘পাওয়ার পয়েন্ট’র মাধ্যমে দেখতে চেয়েছে আদালত।

পুরনো খবর:

গঙ্গায় এক ডুবেই ক্যান্সার!
গঙ্গায় থুথুর শাস্তি হতে পারে জেল