‘যুদ্ধবিরতি প্রক্রিয়ায়’ রাজি ইউক্রেইন
ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে তিনি পূর্ব ইউক্রেইনের জন্য একটি ‘যুদ্ধবিরতি প্রক্রিয়ায়’ যেতে রাজি হয়েছেন।
পোরোশেঙ্কোর কার্যালয় থেকে প্রাথমিকভাবে দুনেতার ফোনালাপে দোনবাস অঞ্চলে (দোনেস্ক ও লুহান্সক অঞ্চল) ‘স্থায়ী যুদ্ধবিরতিতে’ রাজি হওয়ার কথা বলা হলেও পরে তা পাল্টে বলা হয়েছে, পুতিন ও পোরোশেঙ্কো দোনবাস অঞ্চলে যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন।
দুই নেতা সত্যিকার অর্থেই কোনো যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে ক্রেমলিনও।
রাশিয়া ইউক্রেইনের সংঘাতে জড়িত নয় বলেই মনে করে এবং একারণে পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হননি বলে জানিয়েছে ক্রেমলিন। এতে করে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
পোরোশেঙ্কোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠায় করণীয় কিছু পদক্ষেপের প্রেক্ষাপটে দু’নেতা সমঝোতায় পৌঁছেছেন।
রাশিয়ান ভাষায় ক্রেমলিনও এক বিবৃতিতে বলেছে, বুধবার দুই প্রেসিডেন্ট ফোনালাপ করে তাদের নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সংঘাত নিরসনের সম্ভাব্য পথ বের করার চেষ্টা করেছেন।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেইন বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে যুদ্ধবিরতি করতে সহায়ক কিছু পদক্ষেপ নিয়েই আসলে আলাপ করেছেন পুতিন ও পোরোশেঙ্কো।
যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্ট না হলেও রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তির পথে আগানোর ব্যাপারে এ সমঝোতাকে ইতিবাচক লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে।
