সিরিয়ায় আটক এক মার্কিন সাংবাদিক মুক্তি পেয়েছেন
দুই বছর ধরে সিরিয়ায় জঙ্গিদের হাতে বন্দি এক মার্কিন সাংবাদিক মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
রোববার মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস খবরটি নিশ্চিত করেন।
সুসান জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবরে পিটার থিও কার্টিস নামের ওই সাংবাদিককে সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে অপহরণ করেছিল সিরিয়ার বিদ্রোহী জঙ্গিরা।
কার্টিস এখন সিরিয়ার বাইরে নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, “আজ আমরা তার (কার্টিসের) পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তার মুক্তিকে স্বাগত জানাচ্ছি। অল্প সময়ের মধ্যেই তিনি তার পরিবারের সঙ্গে আবার মিলিত হবেন বলে প্রত্যাশা করছি আমরা।”
যুক্তরাষ্ট্রের আরেক সাংবাদিক জেমস ফোলিকে ইসলামিক স্টেট’র (আইএস) জঙ্গিরা শিরশ্ছেদে হত্যার পর কার্টিসের মুক্তির সংবাদ পাওয়া গেল। ফোলিকে ২০১২ সালের নভেম্বরে সিরিয়া থেকে অপহরণ করেছিল আইএস’র জঙ্গিরা।
সম্প্রতি ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়া আইএস তাদের হাতে আটক যুক্তরাষ্ট্রের আরেক সাংবাদিক স্টিভেন সতলফকেও হত্যার হুমকি দিয়েছে।
ইরাকে আইএস’র অবস্থানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ফোলিকে হত্যা করা হয়েছে দাবি করে হামলা অব্যাহত থাকলে সতলফকেও হত্যা করা হবে বলে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।
বিষয়টি উল্লেখ করে সুসান বলেন, “আমরা যেমন থিওর মুক্তি উদযাপন করছি, তেমনি আমরা সিরিয়ায় আটক সকল মার্কিন বন্দির জন্য আমাদের চিন্তা ও প্রার্থনা নিয়োজিত করেছি। প্রেসিডেন্ট ওবামা যেমন বলেছেন, বাকি মার্কিন পণবন্দিদের মুক্ত করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা নিয়োজিত রেখেছি এবং নিয়োজিত রাখবো।”
চলতি গ্রীষ্মে নিহত সাংবাদিক ফোলি ও অন্যান্য মার্কিন বন্দিকে মুক্ত করার জন্য সিরিয়ায় বিশেষ অভিযান চালানো হয়েছিল, কিন্তু বন্দিদের খুঁজে না পাওয়ায় অভিযান ব্যর্থ হয় বলে জানিয়েছে ওবামা প্রশাসন।
