লিবিয়া উপকূলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি
লিবিয়ার সমুদ্র উপকূলের কাছে প্রায় দুই শতাধিক অবৈধ অভিবাসী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে গেছে।
দেশটির উপকূল রক্ষী বাহিনী শনিবার জানিয়েছে, স্থানীয় জেলেদের কাছে সকালে খবর পেয়ে তারা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও নৌকাটির অধিকাংশ যাত্রীরই খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার সকালের নৌকাটি নিমজ্জিত হওয়ায় যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনাও কমে গেছে বলে কোস্টগার্ডের আশঙ্কা।
আফ্রিকার উত্তরাঞ্চল থেকে অভিবাসীরা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিয়ে থাকে, যাদের মূল লক্ষ্য থাকে ইতালি।
চলতি বছরে এক লক্ষেরও বেশি অবৈধ অভিবাসী ইতালিতে পাড়ি দিয়েছে বলে দেশটির সরকার দাবি করছে।
উত্তর আফ্রিকার সমুদ্র তীরবর্তী দেশ লিবিয়া সাম্প্রতিক সময়ে মানবপাচারের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে দুর্বল হয়ে পড়া দেশটির সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিচ্ছে পাচারকারীরা।
স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তা আব্দেল আতিফ রয়টার্সকে বলেন, দেড়শ’ থেকে দুইশ যাত্রী নিয়ে যাত্রা করা ছোট নৌকা শুক্রবার কারাবুলি উপকূলের এক কিলোমিটার দূরে ডুবে যায়।
স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে শনিবার ভোরে কোস্টগার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
তবে ঘটনাস্থলে গিয়ে নৌকাটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বাকিদের ভাগ্যে কী ঘটেছে তাও নিশ্চিত নয় কোস্টগার্ড।
