২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ব্যাপক বন্যা, ভূমিধসে ৭৪ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিপাতে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যজুড়ে প্রবল বন্যা দেখা দিয়েছে। বন্যা ও ভূমিধসে রাজ্যগুলোর অন্তত ৭৪ জন বাসিন্দা মারা গেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 01:45 PM

Updated : 25 Apr 2022, 04:34 PM

সোমবার বিবিসি জানিয়েছে, উত্তরাখাণ্ডে প্রবল বৃষ্টিপাত চলাকালীন ভূমিধসে ৩২ জন নিহত হয়েছেন।

একই দিন এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় উত্তর প্রদেশ, বিহার, উত্তরখাণ্ড ও হিমাচল প্রদেশে কয়েক লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

উত্তর প্রদেশের (ইউপি) বেশ কয়েকটি জেলার এক হাজারেরও বেশি গ্রাম বন্যাক্রান্ত হয়ে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখানে ২৮ জন মারা গেছেন।

রাজ্যটির বহরাইচ, বলরামপুর ও বড়বানকি জেলার বন্যা পরিস্থিতি আশঙ্কাজন বলে জানিয়েছেন রাজ্য সরকারের প্রধান সচিব অলোক রাজন।

তিনি বলেন, “বন্যায় মোট নয়টি জেলা আক্রান্ত হয়েছে। বহরাইচের দুটি তেহশিলের ২শ’টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে।”

নেপালে বন্যা হওয়ায় পর বাঁধ খুলে দেয়ায় উত্তর প্রদেশের অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রচণ্ড বৃষ্টিপাতের পর হিমাচল প্রদেশে নদীর প্রবল স্রোতে রোববার রাতে তিনজন ভেসে গিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর রাজ্যটিতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এখানে বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী সপ্তাহজুড়েও রাজ্যটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বিহারের নয়টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এখানে বন্যায় দুজন মারা গেছেন এবং প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।

রাজ্যটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলাগুলোর মধ্যে দার্বানগা, নালন্দা, পশ্চিম চম্পারান ও পাটনা উল্লেখযোগ্য। এসব জেলার ৩৮ হাজার মানুষকে স্থাপিত ৭৫টি ত্রাণ শিবিরে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১২টি দল বিহারে এবং চারটি দল উত্তর প্রদেশে মোতায়েন করা হয়েছে।

বন্যায় বিচ্ছিন্ন হয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তার জন্য বিহারে তিনটি হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গেও বন্যা দেখা দিয়েছে। রাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলা কুচ বিহার। জেলাটির অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের পানি বিপদজনক মাত্রায় প্রবাহিত হচ্ছে। এতে নদটির উপত্যাকা অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত এক জন মারা গেছেন।

নদ তীরবর্তী কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও প্রবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যও ব্যাপক বন্যায় প্লাবিত হয়েছে। প্রাণরক্ষার্থে বন্যাপ্রাণীরা উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পিটিআই।