জাহাজ কন্টেইনারে পণ্যের বদলে মানুষ
ইংল্যান্ডের একটি বন্দরে জাহাজ থেকে কন্টেইনার নামানোর সময় চিৎকারের শব্দ শুনে কন্টেইনার খুলে একজন মৃতসহ ৩৫ জন মানুষ পাওয়া গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় এসেক্স কাউন্টির তিলবুরি বন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এই দলটির গুরুতর অসুস্থ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় উপমহাদেশের বাসিন্দা বলে ধারণা করা এ দুজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দলটির অন্যান্যদের ডায়রিয়া ও হাইপোথার্মিয়ার চিকিৎসা দেয়া হয়েছে।
বেলজিয়ামের জিব্রুগি থেকে একটি জাহাজে করে কন্টেইনারটি তিলবুরি বন্দরে এসেছিল। ঘটনাটিকে একটি হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে এসেক্স পুলিশ।
পুলিশ সুপারিনটেনডেন্ট ট্রেভর রো বলেছেন, “জাহাজটি জেটিতে ভিড়ার সময় বন্দর কর্মীরা চিৎকার ও আঘাতের শব্দে সচকিত হয়ে সেটি কন্টেইনারের ভিতর থেকে আসছে বলে বুঝতে পারেন।”
ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় অ্যাম্বুলেন্সের এক মুখপাত্র বলেন, “আমাদের লোকেরা সেখানে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পায়।”
উদ্ধার করা লোকজন কোথা থেকে কন্টেইনারে ঢুকে ছিলেন এবং কত সময় ধরে এর ভিতরে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
জাহাজের আরো কোনো কন্টেইনারে মানুষ আছে কিনা তার খোঁজে ব্যস্ত হয়ে পড়েন বন্দরের কর্মীরা।
টেমস নদীর পাড়ে অবস্থিত তিলবুরি একটি পণ্য আনা-নেয়ার ও কন্টেইনার বন্দর। ডোভারের মতো দক্ষিণ ইংল্যান্ডের বন্দরগুলোর মতো এখানে অবৈধ অভিবাসীদের তেমন কোনো তৎপরতা ছিল না।
তদন্তকাজে ইমিগ্রেশন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ সহায়তা করছে বলে জানিয়েছে পুলিশ।
