নওয়াজ শরীফের বিরুদ্ধে হত্যা মামলার নির্দেশ
লাহোরে এক ধর্মীয় নেতার কার্যালয়ে পুলিশি অভিযানে ১১ জন নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ভাইসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
শনিবার লাহোরের একটি আদালত পুলিশকে এ নির্দেশ দেয় বলে পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত ১৭ জুন কানাডাভিত্তিক ধর্মীয় নেতা তাহিরুল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তাহরিকের (পিএটির) সদরদপ্তরে হামলা চালিয়ে দলটির একটি অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ।
ওই ঘটনায় পিএটি'র অন্তত ১১ কর্মী নিহত হন, যাদের মধ্যে দুইজন নারীও ছিলেন।
পিএটি'র পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের জন্য নওয়াজ শরীফসহ ২১ জনকে আসামি করে থানায় মামলা করতে গেলে তা ফিরিয়ে দেয়া হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে যায় পিএটি।
এমন একটি সময় নওয়াজ শরীফের বিরুদ্ধে আদালতের এ নির্দেশ এলো যখন তার পদত্যাগ দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিএটি ও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক হাজার কর্মী বিক্ষোভ করছে।
নওয়াজ পদত্যাগ না করা পর্যন্ত ইসলামাবাদে অবস্থানের ঘোষণা দিয়েছেন ইমরান খান ও ধর্মীয় নেতা তাহিরুল-কাদরি।
