২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়েটায় বিমান ঘাঁটিতে জঙ্গি হানা, নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় বিমান বাহিনীর দুটি ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2014, 03:11 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

বৃহস্পতিবার রাতের এই ঘটনায় হামলাকারী ১০ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা।

হামলা প্রতিহত করতে গিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্যও আহত হয়েছেন।

কোয়েটার এ হামলা নিয়ে জুন থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলোতে তিনটি হামলা চালানো হল।

কোয়েটার হামলা দুটির একটিতেও জঙ্গিরা বিমান ঘাঁটিতে প্রবেশ করতে না পারলেও পাকিস্তানের বিমান ঘাঁটি ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা ঝুঁকি যে ক্রমেই বেড়ে চলেছে, এ হামলা তারই ইঙ্গিত বহন করে।

তালেবান গোষ্ঠীর একটি শাখা ফিদাইন ইসলামের মুখপাত্র ও নেতা দাবিকারী গালিব মেহসুদ নামে এক ব্যক্তি এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেন, ”উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরপরাধ মানুষদের হত্যার প্রতিশোধ হচ্ছে সেনাবাহিনীর ওপর এই হামলা।”

তিনি আরো বলেন, “সামনে আরো হামলা চালানো হবে।”

পুলিশ জানিয়েছে, কোয়েটার বেসামরিক বিমানবন্দরসংলগ্ন সামুঙলি বিমান ঘাঁটিতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। এখানে বেসামরিক ও সামরিক, উভয় ধরনের বিমান একটি রানওয়েই ব্যবহার করে।

খালিদ বিমান ঘাঁটিতে হামলাকালে অপর হামলাকারীরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক আইজি মুহাম্মদ আমলিশ।

সামুঙলি বিমান ঘাঁটির কাছের বাসিন্দারা অন্তত আটাট বিস্ফোরনের শব্দ ও আধঘন্টা ধরে টানা গুলিবর্ষণের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। এ সময় মাথার ওপর হেলিকপ্টার চক্কর দিতে দেখেন তারা।

সামুঙলি ঘাঁটিতে প্রবেশের চেষ্টায় দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেন বলে জানিয়েছেন আমলিশ।

স্থানীয় বাসিন্দারা খালিদ ঘাঁটির কাছে একটি সন্দেহজনক গাড়ি কথা পুলিশকে জানিয়েছিল বলে জানান তিনি।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, খালিদ বিমান ঘাঁটির কাছ থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

কোনো জঙ্গি কোয়েটা বিমানবন্দরে বা বিমান ঘাঁটিগুলোতে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন আমলিশ।

জুনে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবান জঙ্গিদের চালানো এক ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।