পাসের অপেক্ষায় স্মার্ট ফোনের ‘কিল স্যুইচ’ বিল
হারিয়ে যাওয়া স্মার্ট ফোনকে অকেজো করে দেবে এর সঙ্গে সংযুক্ত একটি ‘কিল স্যুইচ’।
১ জুলাই, ২০১৫’র পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাজারে আসা সব কোম্পানির স্মার্ট ফোনে বিশেষ এই ‘স্যুইচ’টি যুক্ত থাকতে হবে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার রাজ্য আইন পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। বিলটি এখন রাজ্যটির গভর্নর জেরি ব্রাউনের স্বাক্ষরের অপেক্ষায় আছে।
ব্রাউন স্বাক্ষর করলেই বিলটি রাজ্যটির আইনে পরিণত হবে, আর তাতে উল্লেখিত সময়ের পর থেকে ক্যালিফোর্নিয়ার স্মার্ট ফোন ক্রেতারা “কিল স্যুইচ” যুক্ত ফোন কিনবেন।
ওই বিল অনুযায়ী, নির্মাতারা ২০১৫’র ১ জুলাইয়ের পর যে সব স্মার্ট ফোন ক্যালিফোর্নিয়ার বাজারে ছাড়বেন সেগুলোতে অনুমোদিত ব্যবহারকারী ছাড়া অন্য কারো হাতে গেলে তা ব্যবহার অযোগ্য হওয়ার মতো প্রযুক্তি সমৃদ্ধ হতে হবে।
এতে স্মার্ট ফোনটি যদি চুরি হয়ে যায়, “কিল স্যুইচ”র কারণে ফোনটির মালিকের অনুমতি ছাড়া অন্য কোনোভাবে এটি পুনরায় চালু করা যাবে না।
স্মার্ট ফোনটি মালিকের হাতে আবার ফিরে আসলে নির্মাতা কোম্পানি এটিকে ফের চালু করে দেবে, আইনে এমন বিধানও যুক্ত করা হয়েছে।
এই বিলে চুরি যাওয়ার স্মার্ট ফোন বিক্রি করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়লে ধরা পড়া ব্যক্তিকে ৫শ’ থেকে আড়াই হাজার ডলার জরিমানা করার বিধান রাখা হয়েছে।
