২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরডব্লিউ প্রধানকে মিশরে প্রবেশে বাধা

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নির্বাহী পরিচালক কেনেথ রথ ও আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মিশরে প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

কেনেথ রথ এবং সারা লেহ হুইটসন গত বছর মিশরে হত্যাযজ্ঞের ওপর সংস্থাটির প্রতিবেদন দিতে কায়রোয় যান।

২০১৩ সালে মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নিরাপত্তা বাহিনী দিয়ে ভুন্ডুল করে দেয়ার অভিযানে শত শত মানুষ নিহত হয়।

গত মে মাসে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। হত্যাকাণ্ডের সময়টিতে তিনি সেনাপ্রধান ছিলেন।

মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে এইচআরডব্লিউ মিশরে ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক দমনপীড়নের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কেনেথ এবং হুইটসন কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে ১২ ঘন্টা ধরে আটকে রাখার পর আবার বিমানে করে ফিরিয়ে দেয়া হয়। নিরাপত্তাজনিত কারণেই তাদেরকে মিশরে ঢুকতে দেয়া হয়নি বলে জানান মিশরের কর্মকর্তারা।

এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে, মিশর কর্তৃপক্ষ এই প্রথম মানবাধিকার সংস্থাটির স্টাফদেরকে দেশে প্রবেশে বাধা দিল।

মিশরে বিক্ষোভ দমনাভিযানের ওপর এইচআরডব্লিউ’র প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে।