তেহরানে বিমান বিধ্বস্ত, নিহত ৩৮
ইরানের রাজধানী তেহরানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল পৌনে ১০টার দিকে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ছোট আকারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিন বিকল হয়ে তেহরানের উত্তরপশ্চিমাঞ্চলের আজাদি আবাসিক এলাকার কাছে আছড়ে পরে তাবান এয়ারলাইন্সের উড়োজাহাজটি।
রয়টার্স জানিয়েছে, ওই বিমানে যাত্রী ও আরোহী মিলিয়ে মোট ৪৮জন আরোহী ছিলেন। প্রাথমিক খবরে আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।
উড়োজাহাজটি দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস শহরে যাচ্ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র হোসেইন দেরাখশান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এর সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানাতে পারেননি।
দুর্ঘটনার পরপরই একটি তদন্ত দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তিনি।
গত দুই মাসের মধ্যে বড় ধরনের বিমান দুর্ঘটনার চতুর্থ ঘটনা এটি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে গত ১৭ জুলাই।ওই দিন পূর্ব ইউক্রেইনে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীর সবাই নিহত হন।
ইউক্রেইনে বিচ্ছিন্নতাবাদীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই বিমানটি ভূপাতিত করে বলে অভিযোগ রয়েছে।
গত ২৩ জুলাই তাইওয়ানের পেঙ্গু দ্বীপে জরুরি অবতরণের সময় ৫৮ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ। নিহত হয় এর ৪৮ আরোহী।
এর পরদিনই ১১০ জন আরোহী নিয়ে আলজেরিয়ার একটি উড়োজাহাজ বুরকিনা ফাসো থেকে আলজিয়ার্সে যাওয়ার পথে মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়।
এর আগে গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মাঝ আকাশে উধাও হয়ে যায়। বিমানটির কোনো হদিস এখনো মেলেনি।
