২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা থেকে রকেট ছোঁড়ার অভিযোগ ইসরায়েলের

চলমান তিনদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার তিন ঘন্টা আগে গাজা থেকে তাদের ভূখণ্ডে দুটি রকেট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 10:31 AM

Updated : 25 Apr 2022, 04:31 PM

শুক্রবার বিবিসি জানিয়েছে, রকেট নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘণের জন্য “সন্ত্রাসীদের” দায়ী করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টা বা তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার মিশরের কর্মকর্তারা এই যুদ্ধবিরতির মেয়াদ আরো দীর্ঘায়িত করতে দুপক্ষকে রাজী করানোর চেষ্টা করে যাচ্ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে তাদের সম্মতি জানালেও দাবী মানা না পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজী হয়নি হামাসের প্রতিনিধিরা।

এর আগে দীর্ঘমেয়াদি দাবীগুলো মেনে না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করতে কায়রোতে থাকা ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছিলেন হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডের এক মুখপাত্র।

এসব দাবী আদায়ের জন্য তাদের সংগঠন “দীর্ঘ লড়াই” চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে দাবী করেছিলেন ওই মুখপাত্র।

এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, শুক্রবার সকালে মেয়াদ শেষ হওয়ার পরও যুদ্ধবিরতির সময় বাড়াতে চান তারা।

কিন্তু গাজা নিয়ন্ত্রণকারী হামাস বলেছে, এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি এবং দুপক্ষের অবস্থানের মধ্যে বড় রকমের ফাঁক রয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে চার সপ্তাহ ধরে চলা লড়াইয়ে ১ হাজার ৯শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন।

বুধবার ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন, চলতি সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত আছেন তারা।

কিন্তু হামাসের উপপ্রধান রাজনৈতিক নেতা মুসা আবু মারজুক বলেছেন, “কোনো সমঝোতা হয়নি।”

হামাসের দাবীর মধ্যে গাজার ওপর আরোপ করা ইসরায়েলি ও মিশরীয় অবরোধ প্রত্যাহার করা, গাজা বন্দর থেকে জাহাজ চলাচল আবার শুরু করা, বন্দীদের মুক্তি দেয়া ও ইসরায়েলি হামলা বন্ধ করার দাবী অন্যতম।

অপরদিকে ইসরায়েলিদের দাবি, গাজার সমারিকায়ন বন্ধ করা।

ইসরায়েলি যোগাযোগ মন্ত্রী গিলাদ এরদান সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘণ করা হলে সেনাবাহিনী আবার অভিযান শুরু করবে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, গাজায় গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ১,৮৭৫ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১,৩৫৪ জন বেসামরিক, এদের মধ্যে ৪১৫ জন শিশু ও ২১৪ জন নারী।

অপরদিকে ইসরায়েলি সরকার জানিয়েছে, লড়াইয়ে তাদের ৬৪ সেনা ও তিন বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক।

তাদের অভিযানে ৯০০ ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়েছেন বলে দাবী করেছে ইসরায়েল।