ইসলামিক স্টেট-বিরোধী অভিযান পরিকল্পনা কুর্দিদের
ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা-অভিযানের পরিকল্পনা করছে কুর্দি পেশমেরগা বাহিনী।
সুন্নি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে গত রোববার পিছু হটার পর কুর্দিরা এ পরিকল্পনা নিয়েছে। কুর্দি কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
কুর্দিরা বেশকিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখন তারা পাল্টা লড়াই চালানোর জন্য ব্যাপক সংখ্যক যোদ্ধাকে ডেকে পাঠাচ্ছে।
অঞ্চলটিতে পরিস্থিতি খুবই বিপজ্জনক। খুব শিগগিরই কিছু করা প্রয়োজন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
‘দ্য ইসলামিক স্টেট’ মসুল বাঁধ দখলের লড়াইয়ে তিনটি শহরে কুর্দিদেরকে নাটকীয়ভাবে পরাজিত করেছে। দখল করেছে একটি তেলক্ষেত্রও।
রাষ্ট্রীয় টিভি এবং প্রত্যক্ষদর্শীরা রোববার বলেছে, ইসলামিক স্টেট ইরাকের সবচেয়ে বড় বাঁধ দখল করেছে। কুর্দি পেশমেরগা কর্মকর্তারা বলেছেন, তারা ইসলামিক স্টেট জঙ্গিদেরকে বাঁধ এলাকা থেকে হটিয়ে দিয়েছে। তবে খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি।
কুর্দিরা কৌশলগতভাবে পিছু হটেছে দাবি করে পেশমেরগা বাহিনীর এক কর্নেল বলেছেন, কয়েকটি কুর্দি ব্রিগেড রোববার হারানো সব অঞ্চল পুনর্দখল করবে এমনকি মসুলও নিজেদের দখলে নিয়ে আসবে।
তিনি বলেন, “তারা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা তাদের ওপর হামলা করব। কোনো দয়া দেখাব না”।
