ইরাকে বাঁধ ও তেলক্ষেত্র দখল করেছে আইএসআইএস
কুর্দি বাহিনীর কাছে প্রথম বড় ধরনের পরাজয়ের পর পাল্টা হামলায় ইসলামিক স্টেটের (আইএসআইএস) যোদ্ধারা ইরাকের সবচেয়ে বড় বাঁধ, একটি তেলক্ষেত্র ও আরও তিনটি ছোট শহরের দখল নিয়েছে।
প্রাথমিক বিপর্যয়ের পর রোববার কুর্দি বাহিনীকে হটিয়ে দেয় আইএসআইএস’র যোদ্ধারা।
২৪ ঘন্টার এ পাল্টা অভিযানে ইরাকের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প মসুল বাঁধ দখল করেছে তারা। এর ফলে ইরাকের প্রধান শহরগুলো বন্যায় ডুবিয়ে দেয়া অথবা সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে পানি বঞ্চিত করার সামর্থ্য অর্জন করেছে আইএসআইএস।
এ ঘটনায় নুরি আল মালিকির নেতৃত্বাধীন ইরাকের শিয়া সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি আরো বেড়ে গেছে।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, “কোনো লড়াই ছাড়াই কুর্দি বাহিনীকে প্রত্যাহার করার পর ইসলামিক স্টেটের সন্ত্রাসী দল মসুল বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে।”
কিন্তু ইরাকির টেলিভিশনের এই বক্তব্যের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থানরত কুর্দি কর্মকর্তা কারবান জেবারি দাবি করেছেন, বাঁধটি কুর্দি বাহিনীর “পেশমেরগা” সেনাদের নিয়ন্ত্রণেই আছে।
তবে বাঁধের আশপাশের কয়েকটি ছোট শহরের পতন হয়েছে বলে স্বীকার করেন তিনি।
তিনি বলেছেন, “সপ্তাহের শেষ দিকে এসে পরিস্থিতি খারাপ দিকে মোড় নিতে থাকে।”
পেশমেরগা যোদ্ধারা বাঁধের কাছের শহরগুলো পুনর্দখল করার উদ্দেশে রোববার রাতে “বড় ধরনের” অভিযানের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি।
ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে বিশাল এলাকা দখল করে এগিয়ে যেতে থাকা আইএসআইএস’র সুন্নি বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের যে অল্প কয়েকটি বাহিনী রুখে দাঁড়িয়েছিল পেশমেরগা সেনারা তার অন্যতম। মসুল বাঁধ থেকে বাহিনীটির দ্রুত প্রত্যাহার এই প্রতিরোধ লড়াইয়ের এক বড় বিপর্যয়।
মসুল বাঁধ ছাড়াও জঙ্গিরা তিনটি শহর ও আইন জালাহ তেলক্ষেত্রের দখল নিয়েছে। এর আগে আরো চারটি তেলক্ষেত্র দখল করেছিল গোষ্ঠীটি। এসব তেলক্ষেত্র তাদের অভিযানের খরচ জুগিয়ে চলছে।
জঙ্গিরা জুমার শহর দখলের জন্যে আক্রমণ শুরু করলে কুর্দিদের প্রাথমিক শক্ত প্রতিরোধ আস্তে আস্তে মিলিয়ে যায়। এরপর শহরটিতে নিজেদের কালো পতাকা উড়িয়ে দেয় জঙ্গিরা।
ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীটি ইরাকের দখল করা বিশাল অংশ ও সিরিয়ার দখল করা কিছু অংশ নিয়ে ইসলামি খেলাফত ঘোষণা করেছে। এতে ২০০৩ সালে সাদ্দাম হুসেনের পতনের পর বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল রপ্তানিকারী দেশ ইরাকের স্থিতিশীলতা সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে।
