ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা বলিভিয়ার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে দেশটির সঙ্গে ভিসামুক্ত যাতায়াত চুক্তি বাতিল করে ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের বিরুদ্ধে বলিভিয়া এমন সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরবনিউজ পত্রিকা।
একদল শিক্ষাবিদের সঙ্গে বৈঠককালে সরকারের ইসরায়েল বিরোধী পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট মোরালেস। তিনি বলেন, এর অর্থ হচ্ছে আমরা ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করছি।
১৯৭২ সালের একটি চুক্তি অনুযায়ী, বলিভিয়ায় ভিসামুক্ত চলাচলের সুযোগ পেত ইসরায়েলের নাগরিকরা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে বলিভিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরায়েলে অভিযান প্রমাণ করছে দেশটি নিয়মনীতির তোয়াক্কা করে না। তারা জীবন ও মানবাধিকারেরও কোনো গুরুত্ব দেয় না, যা বিশ্বে জাতিগুলোর সহঅবস্থানের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
প্রায় একমাস ধরে গাজায় সেনা অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশ, স্থল ও নৌ-বাহিনীর বোমার আঘাতে গাজায় ১৭শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এছাড়া, গাজায় বিধ্বস্ত হয়েছে জাতিসংঘের শরণার্থী শিবির, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদসহ অনেক বেসামরিক স্থাপনা। গাজায় ইসরায়েলের তৎপরতা যুদ্ধাপরাধের সামিল বলে অনেক মানবাধিকার সংগঠন হুঁশিয়ার করেছে।
