২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরির ফোনে ‘আড়ি পেতেছিল’ ইসরায়েল

যে দেশের সমর্থন নিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর পীড়ন চালাচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওপরই গোপনে নজরদারি চালিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

রয়টার্স

>>, রয়টার্স

Published : 04 Aug 2014, 01:59 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

জার্মান সাময়িকী ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ফিলিস্তিন ও আরব দেশগুলোর সঙ্গে শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়ি পেতেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচররা এবং অন্তত একটি গোয়েন্দা সংস্থা কেরির ফোনে আড়ি পেতেছিল, যদিও কেরির নয় মাসের সেই ‘দূতিয়ালি’ শেষ পর্যন্ত সাফল্য পায়নি।

জেরুজালেম বা ওয়াশিংটন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও কোনো বক্তব্য দেয়নি।

তবে স্পিগেলের দাবি সত্যি হলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক তিক্ততা আরো বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের নিন্দা-প্রতিবাদে পাত্তা না দিয়ে ফিলিস্তিনের গাজায় প্রায় একমাস ধরে ত্রিমুখী হামলা চালাচ্ছে ইসরায়েল।

রোববারও জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

একাধিক গোয়েন্দা সূত্রের বরাত স্পিগেল লিখেছে, জর্জটাউনে নিজের বাসভবনে কেরি একটি ‘নিরাপদ’ ফোন ব্যবহার করলেও তিনি যখন সফরে থাকতেন তখন জরুরি কল করার জন্য কখনো কখনো সাধারণ ফোন ব্যবহার করতেন। ইসরায়েলি গুপ্তচর আর গোয়েন্দা সংস্থাগুলো এসব ফোন কলেই আড়ি পাতে।

“কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আলোচনায় জেরুজালেম এসব তথ্য ব্যবহার করে।”

ঝিমিয়ে পড়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরু করতে গত বছর ব্যাপক তৎপরতা শুরু করেন জন কেরি। সমঝোতার জন্য সে সময় তিনি নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপরও চাপ সৃষ্টি করেন। কিন্তু দুই নেতার মধ্যে পারস্পরিক ‘বিশ্বাসের’ অভাবে শেষ পর্যন্ত কেরির সেই তৎপরতা গতি হারায়।

সে সময় কেরি এমন কিছু মন্তব্য করেন, যার মধ্যে দিয়ে জেরুজালেমের সঙ্গে ওয়াশিংটনের দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে।

ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে ইসরায়েল একটি ‘বর্ণবাদী’ রাষ্ট্রে পরিণত হবে বলেও সে সময় মন্তব্য করেছিলেন কেরি। ওই মন্তব্যের পর ইরায়েল এবং মার্কিন রাজনীতিকরা সমালোচনায় মুখর হলে ক্ষমা চান কেরি।

ফিলিস্তিনিদের সঙ্গে সমঝোতা করতে না পারলে ইসরায়েলের গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার সক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি দেশটিকে আরো নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে- এমন মন্তব্য করেও কেরি আরেকবার বিতর্ক উস্কে দিয়েছিলেন।

আমেরিকার ওপর ইসরায়েলের ‘গোয়েন্দাগিরি’ অবশ্য নতুন কিছু নয়। গত মে মাসে নিউজ উইকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বাণিজ্য প্রতিনিধি হিসাবে কিংবা যৌথ প্রতিরক্ষা চুক্তির আড়ালে ইসরায়েলের গুপ্তচররা যুক্তরাষ্ট্রে সক্রিয় রয়েছে। অবশ্য ইসরায়েল বিষয়টি অস্বীকার করেছে।