অনুপ্রবেশকারীদের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
সুড়ুঙ্গের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলে উপস্থিত হয়ে বন্দুক লড়াইয়ে পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে গাজার যোদ্ধারা।
সোমবার গাজা ভূখণ্ডের সীমান্তের কাছে ইসরায়েলের নাহাল ওজ এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “গাজা থেকে নাহাল ওজ পর্যন্ত সুড়ঙ্গ ব্যবহার করে আসা সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা প্রতিহত করার সময় লড়াইয়ে ওই সেনারা নিহত হয়েছেন। দলটিকে শনাক্ত করার পর একজনকে আটক করার মাধ্যমে হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ওই সেনারা।”
এই পাঁচজনকে নিয়ে সোমাবার নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
৮ জুলাই গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অপরদিকে ২২ দিন ধরে চলা এ হামলায় প্রায় ১১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশুসহ বেসামরিক মানুষ।
হামাস ও এর মিত্রদের গাজা থেকে ইসরায়েলে চালানো রকেট হামলা বন্ধ করার কথা বলে ৮ জুলাই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে গাজায় হামাসের খোড়া সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার নির্দেশ দিয়ে স্থল অভিযানে নামে দেশটির সেনাবাহিনী।
