২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ১৭: ‘ব্ল্যাক বক্স’, মৃতদেহ দিল বিদ্রোহীরা

ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত এমএইচ১৭ ফ্লাইটের ‘ব্ল্যাক বক্স’ এবং যাত্রীদের মৃতদেহ হস্তান্তর করেছে ইউক্রেইনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jul 2014, 09:35 AM

Updated : 13 Oct 2022, 12:22 PM

পুরনো খবর:

এমএইচ১৭: লাশের কাছে পৌঁছেছে তদন্তকারীরা
বিমান ধ্বংস নিয়ে চলছে ‘স্বার্থ হাসিলের খেলা’: পুতিন
রুশ ক্ষেপণাস্ত্রেই বিমান বিধ্বস্ত: কেরি
তারা বুঝে ওঠার আগেই সব শেষ

পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্কে এক আলোচনা শেষে মালয়েশীয় প্রতিনিধিদলের কাছে ব্ল্যাক বক্স হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে প্রবেশে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কয়েকঘণ্টার মধ্যেই এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ওদিকে, ট্রেনে তোলা ব্যাগ ভর্তি ২শ’ লাশ বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরের বাইরে ইউক্রেইন সরকার-নিয়ন্ত্রিত খারকিভ শহরে পৌঁছেছে।লাশগুলো সনাক্ত করার জন্য নেদারল্যান্ডসে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উদ্ধার করা মৃতদেহগুলো নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর ট্রেনে করে লাশ খারকিভে পৌঁছে দেয় তারা।

গত ১৭ জুলাই দোনেস্কে এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৯৮ আরোহীর সবাই নিহত হয়।

আর এ ঘটনার জন্য রুশপন্থি বিদ্রোহীদের দায়ী করে ইউক্রেইন সরকার। ইউক্রেইনের অভিযোগ, বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও একই কথা বলেন। এ অভিযোগের মুখে লাশগুলো হস্তান্তর করার জন্য আন্তর্জাতিক চাপের মুখে ছিল বিদ্রোহীরা। লাশগুলো মঙ্গলবারই নেদারল্যান্ডসে পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেইন সরকার।

ওদিকে, হস্তান্তর করা ওই ব্ল্যাক বক্সে সংগৃহীত তথ্য থেকে জানা যাবে কখন, কোথায় এবং কেন বিমানটি বিধ্বস্ত হয়েছিল। মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধানও সাংবাদিকদের জানিয়েছেন, ব্ল্যাক বক্সটি ‘অক্ষত’ অবস্থায় তাদের হাতে এসেছে।

ক্রিমিয়া প্রদেশ ইউক্রেইন থেকে আলাদা হয়ে রুশ ফেডারেশনে যোগ দেয়ার পর থেকে কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা চলছে। ইউক্রেইন বলছে, তার দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে রুশ সরকার।