২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকধারীদের হামলায় মিশরের ২১ সীমান্তরক্ষী নিহত

লিবিয়া সীমান্তে ২১ জন মিশরীয় সীমান্তরক্ষীকে হত্যা করেছে বন্দুকধারীরা। এই এলাকাটিতে মিশরের সরকার পতনের লক্ষ্যে সচেষ্ট জঙ্গিরা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

শনিবার চালানো এ হামলার সঙ্গে জড়িতদের চোরাকারবারি বলে উল্লেখ করেছেন ওই নিরাপত্তা কর্মকর্তারা।

কিন্তু সেনাবাহিনীর এক মুখপাত্র তার ফেইসবুক পাতায় হামলাকারীদের “সন্ত্রাসী” বলে উল্লেখ করেছেন। সাধারণত ইসলামি জঙ্গিদের বোঝাতে মিশরীয় কর্তৃপক্ষ “সন্ত্রাসী” শব্দটি ব্যবহার করে।

এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীদের সঙ্গে সীমান্তরক্ষীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণের সময় সন্ত্রাসীদের ছোঁড়া রকেট চালিত গ্রেনেড বিস্ফোরণে সীমান্তরক্ষীদের একটি অস্ত্রাগার উড়ে গিয়ে ওই রক্ষী সেনারা নিহত ও অপর চারজন আহত হন।

লিবিয়া ও সুদানের সীমান্তবর্তী প্রদেশ ওয়াদি আল গাদিদে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে দুজন চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

মিশরের রাষ্ট্রিয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, হামলার পরপরই মিশরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি।

লিবিয়ায় অস্থিরতা সৃষ্টিকরা জঙ্গিরা মিশরীয় সীমান্তে অভিযান পরিচালনা করছেন এমন অভিযোগ করে বরাবর উদ্বেগ প্রকাশ করে আসছেন মিশরীয় প্রেসিডেন্ট।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মিশরীয় সহযোগীদের কাছে মেশিনগান ও রকেট চালিত গ্রেনেডসহ অস্ত্রশস্ত্র পাঠাতে চোরাকারবারিদের ব্যবহার করে জঙ্গিরা, এ জন্য চোরাকারবারিদের অর্থও দেয়া হয়।

এরই মধ্যে মিশরের সিনাই উপদ্বীপে জঙ্গি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেনাপ্রধান সিসি মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সিনাইয়ের জঙ্গিরা পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা বৃদ্ধি করেছে।

মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, সিনাইয়ের জঙ্গিদের সঙ্গে মিত্রতা গড়ে তুলতে চাইছে লিবিয়ার জঙ্গিরা।