‘সিরিয়ায় ২৭০ সৈন্যকে হত্যা করেছে ইসলামিক স্টেট’
সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের নিয়ন্ত্রণ থেকে একটি গ্যাসক্ষেত্রের দখল নেয়ার লড়াইয়ে বৃহস্পতিবার সেনাসদস্য, নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাসহ ২৭০ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা।
শনিবার একটি মানবাধিকার সংগঠন এই খবর জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানিয়েছিল, হোমস শহরের পূর্বাঞ্চলে শায়ের গ্যাসক্ষেত্রের দখল নিয়ে শুরু হওয়া লড়াইয়ে ৯০ জন নিহত ও বহু নিখোঁজ হয়েছে।
তবে শনিবার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আসাদ বিরোধী সংগঠনটি জানায়, সেনাবাহিনী ও ইসলামিক স্টেট জঙ্গিদের লড়াইয়ের সময় সেনা সদস্যসহ অন্তত ২৭০ জনকে হত্যা করেছে জঙ্গিরা। সেনাবাহিনীর হামলায় ইসলামিক স্টেটের ৪০ যোদ্ধা নিহত হয়েছে।
উত্তর ইরাকের বড় এলাকার দখল নেয়ার পর সম্প্রতি সিরিয়ারও গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিয়েছে ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট ইরাকের রণাঙ্গণ থেকে নিয়ে আসা যুদ্ধাস্ত্রকে সিরিয়ার আল কায়েদা অধ্যুষিত এলাকা দখলের কাজে লাগাচ্ছে।
রয়টার্স জানায়, মানবাধিকার সংগঠনটির ওই তথ্য যাচাই করা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও এনিয়ে কোনো খবর ছাপেনি।
