এমএইচ১৭: ঘটনাস্থলে ইউরোপীয় তদন্ত দল
রুশ সীমান্তের কাছে মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ‘ভূপাতিত’ হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ইউরোপীয় একটি তদন্ত দল।
ইউক্রেইনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকারী রুশপন্থী বিদ্রোহীরা সুযোগ দেয়ার পরই ৩০ সদস্যের এই তদন্ত দল পূর্ব ইউক্রেইনের দোনেস্ক অঞ্চলের গ্রাবোভো গ্রামে পৌঁছান।
বৃহস্পতিবার ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ওই গ্রামেই বিধ্বস্ত হয়।
অর্গানাইজেশন ফর দ্য সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মুখপাত্র রোল্যান্ড ব্লেস রয়টার্সকে জানান, তাদের তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
এ কাজে তদন্ত দল এবং ইউক্রেইন কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ওই এলাকার বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে ওএসসিই।
ছবিটি বিবিসির মস্কো প্রতিনিধি দানিয়েল স্ট্যানফোর্ডের ট্যুইট থেকে নেয়া।
এই পরিপ্রেক্ষিতে শুক্রবারই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
নিউ ইয়র্কে এই বৈঠকের আগে জাতিসংঘের পক্ষ থেকে এ ঘটনার একটি ‘পূর্ণাঙ্গ, বিস্তারিত এবং স্বাধীন তদন্তের’ আহ্বান জানানো হয়।
জাতিসংঘের বিশেষ দূত সামান্থা পাওয়ার বলেন, “সম্ভবত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকেই ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়।”
বিমানটি কেন ভূপাতিত হয়েছে তা সবাইকে জানানোর এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দায়িত্ব জাতিসংঘের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়ার সমালোচনা করে পাওয়ার বলেন, “প্রেসিডেন্ট পুতিন প্রায়ই আলোচনা আর শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও প্রতিবারই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন। রাশিয়া এই যুদ্ধের সমাপ্তি টানতে পারে। রাশিয়াকে এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে।”
যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে এই ঘটনার তদন্তের পাশাপাশি ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যায়িত করে ইউক্রেইন এ জন্য রাশিয়াকে দোষারোপ করেছে। ইউক্রেইনের বিচ্ছন্নতাবাদীদের অস্ত্রসহ নানাভাবে সহযোগিতা দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।
ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক বলেছেন, “রুশরাই এ ঘটনার জন্য দায়ী। এটি একটি আন্তর্জাতিক অপরাধ, যা দ্য হেগের ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করা উচিত।”
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকায় যুদ্ধ শুরু করার জন্য ইউক্রেইনকে পাল্টা দোষ দিয়ে বলেছেন, “যে দেশের আকাশসীমায় এই ঘটনা ঘটেছে তারাই এর জন্য দায়ী।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, “বেসামরিক নাগরিক ও তাদের স্থাপনায় হামলার জন্য ইউক্রেইনের সেনাবাহিনীই দায়ী। এসব হামলায় অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।”
সঙ্কট জিইয়ে রাখা এবং রাশিয়ার ওপর দোষ চাপানোর জন্য যুক্তরাষ্ট্রেরও সমালোচনার পাশাপাশি সংঘাতপূর্ণ এলাকায় ইউক্রেইন কর্তৃপক্ষ কেন বিমান চলাচল নিষিদ্ধ করেনি- সে প্রশ্নও তুলেছেন চুরকিন।
এদিকে ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী নেতা আলেকজান্ডার বোরোদাই আন্তর্জাতিক মহলের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স পাওয়ার পর সেটি মস্কোর কাছে হস্তান্তরের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন এই বিদ্রোহী নেতা।
বিচ্ছিন্নতাবাদীদের দাবি, ইউক্রেইনের সরকারি বাহিনীই বিমানটিকে মিসাইল ছুড়ে নামিয়েছে।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘটনার সময় ওই এলাকায় তাদের কোনো জঙ্গি বিমান ছিল না। তাছাড়া সেখানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইলও ব্যবহার করা হয় না।
