২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানে পুত্রহারা এবারো হারালেন স্বজন

চার মাস আগে রহস্যজনকভাবে উধাও মালয়েশিযার বিমানে ছেলে ও ছেলেবউকে হারিয়ে অনেক কেঁদেছিলেন অস্ট্রেলিয়ান আইরিন- জর্জ বারোজ দম্পতি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jul 2014, 10:50 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বৃহস্পতিবার ইউক্রেইনের পূর্বাঞ্চলে ভূপাতিত মালয়েশিয়ান এয়ারলাইন্সেরই আরেক বিমান এমএইচ১৭-এও নিকট আত্মীয় ছিল ওই অস্ট্রেলীয় দম্পতির, যারা ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেই ধরে নেয়া হচ্ছে।

ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে আমস্টারডাম শহর থেকে মালয়েশিয়ার কুয়ালা লামপুরগামী এমএইচ-১৭ ফ্লাইটটি মাটিতে আছড়ে পড়ে। বিমানের ২৯৮ আরোহীর সবাই মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

এক বছরের মধ্যে দ্বিতীয় দফায় মালয়েশিয়ার বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড রাজ্যের বাসিন্দা আইরিন ও জর্জ বারোজের স্বজন হারানোর খবরটি জানায় অস্ট্রেলিয়ার পত্রিকা কুরিয়ার মেইল। দেশটির আন্যান্য গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি। ওই বিমানে করেই স্বস্ত্রীক নিখোঁজ হয়ে যান জর্জ বারোজের ছেলে রোডনি বারোজ। বিমানের অন্য ২৩৭ জন আরোহীর মতো রোডনি ও তার স্ত্রী মেরিরও কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়া এমএইচ১৭ বিমানেও ছিলেন ওই দম্পতির সৎ-নাতনি মারি রিজ ও তার স্বামী আলবার্ট। বিমানের ২৯৮ আরোহীর সবাই নিহত হওয়ায় তাদেরও আর বেঁচে থাকার আশা নেই।

ভূপাতিত বিমানে অস্ট্রেলিয়ার ২৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেলেও কর্তৃপক্ষ এখনো তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি। কুইন্সল্যান্ডের পুলিশও এবিষয়ে কিছু বলতে রাজি হয়নি।