২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ভূপাতিত: আন্তর্জাতিক তদন্ত চান বিশ্ব নেতারা

পূর্ব ইউক্রেইনে মালয়েশিয়া এয়ালাইন্সের একটি বিমানকে ‘ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার’ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিশ্ব নেতারা, যে ঘটনায় ওই উড়োজাহাজে থাকা ২৯৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jul 2014, 12:23 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পর রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপড়েন আরো বাড়তে পারে, পরিস্থিতি মোড় নিতে পারে আরেকটি স্নায়ুযুদ্ধের দিকে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরাই ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ভূপাতিত করেছে বলে মনে করছে ওয়াশিংটন। ইউক্রেনের সরকারি বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে- এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি।

আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় ফ্লাইট এমএইচ১৭ বিধ্বস্ত হয়।মালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে, রাশিয়ার আকাশসীমায় ঢোকার আগে ইউক্রেইনের আকাশে বিমানটির সঙ্গে তাদের সর্বশেষ যোগাযোগ হয়।

এরপর রাশিয়া সীমান্তের ৪০ কিলোমিটার দূরে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেইনের দোনেস্ক শহরের নিকটবর্তী রাবোভো গ্রামের কাছের একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ ও অনেকের মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, বিমানটি কীভাবে ভূপাতিত হলো সে জবাব রাশিয়াকেই দিতে হবে।   

ওই ফ্লাইটে নেদারল্যান্ডসের ১৫৪ জন, অস্ট্রেলিয়ার ২৭ জন এবং মালয়েশিয়ার ৪৫ জন নাগরিক ছিলেন বলে মালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে।

বিমানটিতে কারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে একটি ‘ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে এ বিষয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন।

ওবামা বলেছেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ইউক্রেইনেই রাখতে হবে, যাতে সেগুলো আন্তর্জাতিক তদন্তকারীদের কাজে লাগে।    

উদ্ধার ও তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তকারীরা যাতে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ইউক্রেইনের ওই এলাকায় যেতে পারেন, তাও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও এ ঘটনার একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।