২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে স্কুলে ৬ বছরের বালিকা ধর্ষিত

ভারতে এবার দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালোর শহরের একটি নামকরা স্কুলে ধর্ষণের শিকার হয়েছে ৬ বছরের এক বালিকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

ধর্ষকরা ওই স্কুলেরই কর্মচারি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ২ জুলাইয়ে ঘটলেও ধর্ষিতার অভিভাবকরা মাত্র কয়েকদিন আগে তা জানিয়েছেন।

খবরটি চাউর হওয়ার পর স্কুলের সামনে বিক্ষোভ করেছে শত শত অভিভাবক। পুলিশ একটি মামলা দায়ের করলেও এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ভারতে ধর্ষণের একের পর এক ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল।

স্কুলটির এক নিরাপত্তারক্ষী ও শরীর চর্চা শিক্ষক শলা করে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তবে ঘটনার সময় স্কুলে একাধিক গার্ড ও শরীর চর্চার শিক্ষক থাকায় কে ওই কাণ্ড ঘটিয়েছে তা পরিষ্কার হতে পারেনি পুলিশ।

কয়েকদিন আগের ওই ঘটনা প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার হাজার হাজার অভিভাবক স্কুলের সামনের রাস্তায় বিক্ষোভ করে। তারা ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করে।

২০১২ নয়া দিল্লিতে চলন্ত একটি বাসে এক তরুণী ধর্ষণের শিকার হওয়ার পর ভারতে নারীর প্রতি সহিংসতার বিষয়টি বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসে।

গত মাসে দেশটির উত্তর প্রদেশেও একাধিক ধর্ষণের ঘটনা ঘটে যার শিকার হয়েছেন একজন স্কুল শিক্ষিকাও।