২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন ইংলাক

থাইল্যান্ডের ক্ষমতা দখলকারী সেনা সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 03:26 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করার পর সেনা সরকার প্রথমবারের মতো সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিল বলে বিবিসি জানিয়েছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি (ইংলাক) সংযত থাকায় তার আবেদন অনুমোদন করা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে ধারণা করা হচ্ছে, ইংলাক তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার জন্মদিন উপলক্ষ্যে ফ্রান্স ভ্রমণ করতে পারেন।

২৬ জুলাই থাকসিন ৬৫ বছরে পা রাখবেন। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি স্বেচ্ছা নির্বাসিত জীবনযাপন করছেন।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০ জুলাই থেকে ১০ অগাস্ট বিদেশে ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করেন ইংলাক। তিনি কোন নির্দেশ অমান্য করেননি বা কোন চুক্তি ভঙ্গ করেননি। এ কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, দেশটিতে শিগগিরই সাধারণ নির্বাচন দিচ্ছেনা ক্ষমতাসীন সেনা সরকার। আগামী বছরের অক্টোবর নাগাদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেনা সরকারের প্রধানমন্ত্রী জেনারেল প্রেয়াথ চান-ওচা।

পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নির্বাচন দিলে তা আবারও রাজনৈতিক অস্থিরতার কারণ হবে- যুক্তি দেখিয়ে নির্বাচনের জন্য এক বছর সময় নিচ্ছেন সেনা প্রধান। নির্বাচনের প্রস্তুতি হিসেবে দ্রুত একটি অন্তর্বর্তী সংবিধান চালু করবেন বলে আশ্বাস দেন জেনারেল প্রেয়াথ।

নির্বাচনের আগে অন্তর্বর্তী সময়ে অস্থায়ী মন্ত্রিসভা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে।

রাজনৈতিক অস্থিতিশীলতা ও অচলাবস্থার পথ ধরে চলতি বছরের ২২ মে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করে সেনা বাহিনী।

দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করে আসছেন জেনারেল প্রেয়াথ।

ক্ষমতা দখলের পর থেকে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ আসলেও তা অস্বীকার করেছেন চান-ওচা। এক্ষেত্রে কোনো পক্ষের হয়ে কাজ করছেন না বলে দাবি তার।

মে মাসে রক্তপাতহীন অভ্যুত্থানের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন দেশটির সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা। তখন থেকেই ‘ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার’ নাম দিয়ে সরকার চালাচ্ছেন তিনি।